প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর স্থগিত করা হয়েছে। আগামী ১৭ সেপ্টেম্বর জেলার পরশুরাম ও ফুলগাজী সফর করা কথা ছিল প্রধানমন্ত্রীর। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ১৭ সেপ্টেম্বরের সফর স্থগিতের বিষয়ে জানানো হয়েছে। আগামী ১ অক্টোবর এ সফরের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে। 

এর আগে, প্রধানমন্ত্রীর সফর সামনে রেখে ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে দ্রুতগতিতে প্রস্তুতি চলছিল। পানিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে একনেকে অনুমোদিত ১ হাজার ৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্বোধন উপলক্ষ্যে পরশুরাম-সুবার বাজার সড়কের মুহুরী নদীর তীরে তৈরি করা হচ্ছিল পথসভাস্থল। ইতোমধ্যে মাটি ফেলে সভাস্থল, মঞ্চ ও উদ্বোধনী ফলক স্থাপনের জায়গা উঁচু করা হয়। 

উল্লেখ্য, আগামী ১৭ সেপ্টেম্বর ফুলগাজীতে প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড, ইমাম ও পুরোহিতদের ভাতা, কৃষক কার্ড এবং ২৪৯ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার প্যানেল স্থাপনসহ বিভিন্ন কর্মসূচির উদ্বোধনের কথা ছিল।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL