★ প্রতিবাদে এনসিপির বিক্ষোভ, দখলদারের সাইনবোর্ড ভাঙচুর

মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৯

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

রাজধানীর মিরপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দেয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হামলা ও ভাঙচুরের পর স্বাস্থ্যকেন্দ্রটি থেকে লুট হওয়া দুই ট্রাক মালামালও উদ্ধার করা হয়েছে। এদিকে ন্যাক্কারজনক এ হামলা ও লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ সময় বিক্ষোভকারীরা ঘটনাস্থলে টাঙানো দখলদারীদের সাইনবোর্ড উপড়ে ফেলে ভাঙচুর করেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন শাহ আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম।

তিনি জানান, রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত শনিবার শাহ আলীসহ আশপাশের এলাকা থেকে ৪ জনকে গ্রেপ্তার করা হয়। 

ক্লিনিক কর্তৃপক্ষের অভিযোগ, মুখোশ পরা অন্তত দুই শতাধিক ব্যক্তি নিরাপত্তাকর্মীদের জিম্মি করে স্বাস্থ্যসেবা কেন্দ্রের ভেতরে প্রবেশ করে। এরপর তারা চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, সরকারি টিকা, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ বিভিন্ন সামগ্রী লুট করে নিয়ে যায়। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, লুটপাটের পর ভারী যন্ত্রপাতি ব্যবহার করে স্বাস্থ্যকেন্দ্রটির একটি পাকা ভবন ও তিনটি সেমিপাকা ভবন গুঁড়িয়ে দেয়া হয়। হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেছে ক্লিনিক কর্তৃপক্ষ। এদিকে, হামলার পর ক্লিনিকের জায়গায় ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর নামে একটি সাইনবোর্ড টাঙিয়ে দেওয়ার অভিযোগ করেছে কর্তৃপক্ষ। তাদের আরও অভিযোগ, হামলার সময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তাৎক্ষণিকভাবে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। ঘটনার পর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে। হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় করা মামলায় পুলিশের গ্রেপ্তার অভিযান এখনও অব্যাহত রয়েছে।

এই ঘটনায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা ফেরদৌসী আহমেদ মিষ্টির ইন্ধন ছিল বলেও অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগের বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং ক্লিনিকটি আগের অবস্থায় ফিরিয়ে দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গতকাল রোববার দুপুর ১২টার দিকে দলটির নেতাকর্মীরা মিছিল নিয়ে ক্লিনিকে যান এবং ভাঙচুর হওয়া ভবন পরিদর্শন করেন।
এ সময় টাঙিয়ে রাখা ‘সমমনা দোকানদার সমিতি’র নামে দখলদারদের একটি সাইনবোর্ড ভেঙে দেন এনসিপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা। পরে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, এই ঘটনার সঙ্গে ক্ষমতাসীন দলের সম্পৃক্ততা রয়েছে। তিনি স্থানীয় নারী সংসদ সদস্য, বিএনপির নেতাকর্মী এবং পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে ক্ষতিপূরণ দিয়ে দ্রুত ক্লিনিকটির কার্যক্রম পুনরায় চালুর আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মধ্যরাতে রাজধানীর মিরপুর-১ নম্বর সেকশনে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন স্বাস্থ্যকেন্দ্রটির নির্বাহী পরিচালক নাসরিন আখতার শাহ আলী থানায় মামলা করেন। মামলায় হানিফ মিয়া নামে একজনকে আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও প্রায় ২৫০ জনকে আসামি করা হয়।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL