রাজধানীর আদাবর থেকে রাষ্ট্রবিরোধী অপরাধ সংঘটনের ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন- মো. রাকিব মাহমুদ (২০), আঃ রহমান ওরফে অর্পণ (২২), মো. মিশকাত আলম ভূঁইয়া (২৬), মো. রহমান শুভ (১৯), সৈকত হোসেন সম্রাট (২২) ও মো. বিজয় (২০)। বুধবার (৩০ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ১০টা ৫ মিনিটে রাজধানীর আদাবরের ১৬ নম্বর রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আদাবর থানা পুলিশ। আদাবরের ওই বাসায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা জড়ো হয়ে রাষ্ট্রকে অস্থিতিশীল করা এবং রাষ্ট্রের অবকাঠামো ধ্বংসের লক্ষ্যে পরিকল্পনা করছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ ঘটনায় আদাবর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।