বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ

সবুজ বাংলা রিপোর্ট
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

গাজীপুর নগরের কোনাবাড়ীতে বকেয়া বেতনের দাবিতে হানিওয়েল গার্মেন্টস লিমিটেডের কয়েক শ শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত কোনাবাড়ী-আমবাগ আঞ্চলিক সড়কের আমবাগ এলাকায় তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। বিক্ষোভ চলাকালে বিক্ষুব্ধ শ্রমিকেরা সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান। পরে দুপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বুঝিয়ে তাদেরকে সড়ক থেকে সরিয়ে দেন।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, কারখানাটির শ্রমিকদের গত আগস্ট ও চলতি সেপ্টেম্বর মাসের বেতন বকেয়া রয়েছে (শ্রমিকদের একাংশের দাবি, বকেয়া জুলাই ও আগস্ট মাসের)। আগস্ট মাসের বেতন গত ১০ সেপ্টেম্বর দেয়ার কথা থাকলেও নির্ধারিত দিনে মালিকপক্ষ তা পরিশোধ করেনি। পরবর্তীতে কয়েক দফায় তারিখ পুননির্ধারণ করেও বেতন না দিয়ে উল্টো কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এতে চরম আর্থিক সংকটে পড়েন শ্রমিকেরা। এরই দারাবাহিকতায় গতকাল সোমবার সকালে বেতনের দাবিতে আমবাগ এলাকায় কারখানার সামনের সড়কে অবস্থান নেন শ্রমিকেরা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে শ্রমিকের সংখ্যা বৃদ্ধি পায় এবং সড়ক জুড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে শ্রমিকেরা সড়কে টায়ার জ্বালিয়ে বকেয়া পরিশোধের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিল্প পুলিশ ও কোনাবাড়ী থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। 
পোশাক শ্রমিকদের বেতন-ভাতাদি পাওনার বিষয়ে জানতে চেয়ে কয়েকদফা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও কর্তৃপক্ষের কোনো প্রতিনিধির বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা চলছে। শ্রমিকদের ন্যায্য দাবি মেটানোর বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ সার্বিক বিষয়টি নজরদারিতে রাখা হয়েছে।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL