মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত এবং দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ ও বিস্তারের লক্ষ্যে ৮ অক্টোবর থেকে ২২ দিনের জন্য ইলিশ আহরণ বন্ধ থাকছে। আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
নিষেধাজ্ঞার সময়ে ইলিশ আহরণের পাশাপাশি ইলিশ পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময়ও নিষিদ্ধ থাকবে। এ সময় ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬’ পরিচালনা করা হবে।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ইলিশের প্রধান প্রজনন এলাকাগুলোতে নজরদারি ও অভিযান জোরদার করা হবে। জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌ পুলিশ ও কোস্ট গার্ডসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে নিষেধাজ্ঞা বাস্তবায়নে কাজ করবে। অবৈধভাবে ধরা মাছ যাতে বাজারজাত করা না হয়, সে জন্য আড়ত, বাজার ও বরফকলেও নজরদারি বাড়ানোর কথা রয়েছে।
নিষেধাজ্ঞার এই সময়ে মাছ ধরা থেকে বিরত থাকা জেলেদের সরকার ভিজিএফের আওতায় খাদ্য সহায়তা দেয়া হবে।
সংশ্লিষ্টদের মতে, প্রজনন মৌসুমে মা ইলিশ নির্বিঘ্নে ডিম ছাড়ার সুযোগ পেলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন ও প্রাচুর্য বাড়তে পারে।
মৎস্যসম্পদ রক্ষায় ২২ দিনের এই নিষেধাজ্ঞা সফল করতে জেলে, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।