শ্রমিকের মজুরি বাড়ানোর পাশাপাশি মুনাফার অংশীদারত্ব নিশ্চিত করার দাবি

সবুজ বাংলা ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

পোশাকশ্রমিকদের জীবনধারণ উপযোগী ন্যূনতম মজুরি নিশ্চিত করার পাশাপাশি মালিকদের মুনাফায় শ্রমিকদের অংশীদারত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাজমুন নাহার নিলু। 

তিনি বলেছেন, শুধু বেতন বাড়ালেই শ্রমিকদের জীবনমানের উন্নয়ন হবে না; উৎপাদন ও ব্যবসায় অর্জিত মুনাফার একটি অংশও শ্রমিকদের দিতে হবে। এতে তাদের জীবনযাত্রার মান উন্নত হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত ‘পোশাকশ্রমিকদের ন্যায্য ও জীবনধারণ উপযোগী ন্যূনতম মজুরি নির্ধারণ: বাস্তবতা, মানদণ্ড ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। গার্মেন্টস শ্রমিক উন্নয়ন মঞ্চ আয়োজিত এ বৈঠক সঞ্চালনা করেন সংগঠনটির আহ্বায়ক অ্যাডভোকেট আতিকুর রহমান।

নাজমুন নাহার নিলু বলেন, ছোটবেলা থেকেই শিল্পাঞ্চলে বড় হয়েছি। খুলনায় বেড়ে ওঠার সময় শিল্পকারখানার শ্রমিকদের আন্দোলন দেখেছি। ফলে শ্রমিকদের জীবনসংগ্রাম ও তাদের দাবিদাওয়ার বিষয়টি আমার কাছে নতুন নয়। 

গত ৫০ বছরে বাংলাদেশের পোশাকশিল্পের অগ্রগতির কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের রপ্তানি আয়ের একটি বড় অংশ আসে এ শিল্প থেকে। পোশাকশিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও এ শিল্পের শ্রমিকদের জীবনযাত্রার মান নিয়ে যথেষ্ট ভাবতে হবে।

শ্রমিকদের প্রকৃত ক্রয়ক্ষমতার বিষয়টি তুলে ধরে সংসদ সদস্য বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেভাবে বেড়েছে, সে তুলনায় শ্রমিকদের আয় কতটা বেড়েছে, তা বিবেচনায় নেওয়া জরুরি। সংসদে এ বিষয়ে তিনি নোটিশ দিয়েছিলেন এবং বাণিজ্যমন্ত্রীর জবাবও পেয়েছেন। তবে শুধু বিভিন্ন সময়ের পণ্যমূল্যের পরিসংখ্যান দিয়ে শ্রমিকদের প্রকৃত অবস্থা বোঝা সম্ভব নয়। বাস্তব জীবনযাত্রার ব্যয় বিবেচনা করতে হবে।

তিনি বলেন, ১০০ টাকায় এখন এক কেজি মসুর ডালও কেনা যায় না। অথচ শ্রমিকদের ঘরভাড়া, খাবার ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খরচ মেটাতে হয়। বর্তমান বাজারদরে শ্রমিকদের জীবনধারণ কতটা কঠিন, তা উপলব্ধি করা প্রয়োজন। শ্রমিকদের পক্ষ থেকে যে ন্যূনতম মজুরির দাবি জানানো হয়েছে, সরকার তা বিবেচনা করে মেনে নেবে বলে তিনি আশা প্রকাশ করেন। একইসঙ্গে পোশাকশিল্পের মালিক ও সরকারের প্রতি শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL