বাংলাদেশে ৭২২ প্রজাতির পাখি দেখা যায়। এদের মধ্যে ৫০০ প্রজাতির পাখি এদেশে স্থায়ীভাবে বসবাস করে। বাকীরা পৃথিবীর নানা প্রান্ত থেকে বছরের নির্দিষ্ট সময়ে অতিথি হিসেবে আসে
মহান সৃষ্টিকর্তার তিন সুন্দর সৃষ্টি হলো ফুল, প্রজাপতি ও পাখি। ফুল দেখে আমরা যেমন মুগ্ধ হই তেমনি মুগ্ধ হই উড়ন্ত প্রজাপতি ও পাখি দেখে। তবে পাখির সৌন্দর্য্য ও ওড়াউড়িই যে শুধু আমাদের মুগ্ধ করে, তা কিন্তু নয়। বরং পাখির গানও দেয় অনাবিল আনন্দ। তবে, এর পাশাপাশি ওরা আমাদের প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা ব্যাপক অবদান রাখে। সত্যিই বর্নিল পাখিগুলোর মতো এমন সুন্দর প্রাণী পৃথিবীর আর কোথাও খুঁজে পাওয়া মুশকিল। নানা আকার, রং ও ঢঙের পাখিগুলো যখন ওদের ডানায় ভর করে নীল আকাশে উড়ে বেড়ায় তখন দেখতে কতই না ভালো লাগে? পুরো পৃথিবী জুড়ে প্রায় ১০,০০০ প্রজাতির পাখির বাস। আর অনুমান করা হয়, বিভিন্ন প্রজাতির পাখিগুলোর মোট সংখ্যা ২০ থেকে ৪০ হাজার কোটি। ভারতীয় উপমহাদেশে প্রায় ১২০০ প্রজাতির কিছু বেশি পাখি বাস করে। জানামতে, বাংলাদেশের পাখির তালিকায় এখন পর্যন্ত কম-বেশি ৭২২টি প্রজাতি রেকর্ড করা হয়েছে। বিভিন্ন গবেষণা থেকে জানা যায়, বিগত কয়েক শতকে ২ শতাধিক প্রজাতির পাখি পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছে এবং বর্তমানে প্রায় ১২০০ প্রজাতির পাখি নানা কারণে হুমকির মুখোমুখি অবস্থান করছে। অদূর বা দূর ভবিষ্যতের যে কোনো সময় এরা হয়তো পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে।

এবার আসা যাক পাখি কি সে কথায়। পাখি হলো বিভিন্ন আকার, ওজন ও আকৃতির উষ্ণ-রক্তবিশিষ্ট মেরুদণ্ডি প্রাণী যাদের দেহ পালকে আচ্ছাদিত, চোয়ালের উপর রয়েছে দাঁতবিহীন শক্ত ঠোঁট বা চঞ্চু, হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠে বিভক্ত, যাদের স্ত্রীরা শক্ত খোসাযুক্ত ডিম পাড়ে, দেহের বিপাকীয় হার উচ্চ, হাড় ফাঁপা ও কঙ্কাল হালকা এবং যারা সাধারণত উড়তে পারে। জীবাস্ম বা ফসিল রেকর্ড থেকে জানা যায় পাখিরা থেরোপড দলের পালকযুক্ত পূর্বপুরুষ থেকে উৎপত্তিলাভ করেছে যারা প্রথাগতভাবে সরিসিয়ান ডায়নোসরদের অন্তর্ভুক্ত। কিন্তু বর্তমানে অনেক বিজ্ঞানীই মনে করেন যে, এরা অরনিথোসেলিডা’র অর্ন্তভুক্ত। যদিও একসময় জার্মানিতে প্রাপ্ত মধ্য জুরাসিক যুগের (প্রায় ১৫৫ মিলিয়ন বছর আগের) আর্কিওপটেরিক্স লিথোগ্রাফিকাকে পাখির সবচেয়ে পুরনো জীবাশ্ম মনে করা হতো—যাদের চঞ্চুর পরিবর্তে ছিল চোখা দাঁতযুক্ত শক্ত চোয়াল, শক্ত হাড়যুক্ত লম্বা লেজ ও যারা ভালোভাবে উড়তে পারত না। এদের মধ্যে সরীসৃপ ও পাখির এক চমৎকার যোগসূত্র ছিল। কিন্তু বর্তমানে নানা গবেষণার মাধ্যমে জানা গেছে যে, চীনে প্রাপ্ত ক্রিটাসিয়াস যুগের(প্রায় ১২৫ মিলিয়ন বছর আগের) কনফুসিয়াসওরনিস স্যাঙ্ককটাস হলো সত্যিকারের চঞ্চুযুক্ত পাখির সবচেয়ে পুরনো জীবাশ্ম। আধুনিক কালের পাখিগুলো এসব ডায়নোসর যুগের পাখি থেকে যুগ যুগ ধরে বিবর্তিত হয়েছে।
চির সবুজ দেশ হিসেবে সারাবিশ্বে পরিচিত আমাদের বাংলাদেশ। যেসব প্রাকৃতিক উপাদান সুজলা-সুফলা এ দেশকে ব্যাপক সৌন্দর্যমণ্ডিত করেছে তার মধ্যে পাখি অন্যতম। নানা প্রজাতির নানা বর্ণের পাখির কলরবে সারাক্ষণ বাংলার প্রকৃতি মুখরিত থাকে। কণ্ঠ-মাধুর্যে যুগ যুগ ধরে বাংলাদেশের মানুষের মনোহরণ করে আসছে এদেশের পাখি। আকাশে সূর্য তার আগমনী বার্তা দেওয়ার আগেই পাখি তার মধুর কণ্ঠে স্বাগত জানায় দিনের প্রথম প্রহরকে। পাখির কলকাকলিতে ঘুম ভাঙ্গা বাংলাদেশের মানুষের জীবনের একটি নিত্য ঘটনা। প্রকৃতির অকৃত্রিম সবুজের সমারোহে অন্যরকম এক সৌন্দর্য যোগ করেছে বাংলাদেশের বিচিত্র সব পাখি। এ দেশের সর্বত্র রয়েছে বিভিন্ন পাখির নিয়মিত আনাগোনা। বাংলাদেশে যে প্রায় ৭২২ প্রজাতির পাখি দেখা যায় এদের মধ্যে প্রায় ৫০০ প্রজাতির পাখি এদেশে স্থায়ীভাবে বসবাস করে। বাকীরা পৃথিবীর অন্যান্য প্রান্ত থেকে একটি নির্দিষ্ট সময়ে অতিথি হিসেবে এসে প্রকৃতিকে মাতিয়ে রাখে আর বাংলাদেশের মানুষকে অনাবিল আনন্দ দান করে। বাংলাদেশের পথে-প্রান্তরে, বনে-বাঁদাড়ে, ঘরের আঙ্গিনা, গাছ-গাছালিতে, খালে-বিলে সবখানে রয়েছে পাখিদের সমান পদচারণা। পাখি, প্রজাপতি ও অন্যান্য বন্যপ্রাণীর বিস্তৃতি অনুযায়ী বাংলাদেশকে ৭টি অঞ্চলে ভাগ করা হয়েছে-
১. উত্তর-পশ্চিমাঞ্চল (রাজশাহী ও রংপুর বিভাগ)
২. উত্তরাঞ্চল (ময়মনসিংহ বিভাগ)
৩. উত্তর-পূর্বাঞ্চল (সিলেট বিভাগ)
৪. কেন্দ্রীয় অঞ্চল (বৃহত্তর ঢাকা, কুমিল্লা ও টাঙ্গাইল জেলা)
৫. দক্ষিণ-পূর্বাঞ্চল (বৃহত্তর চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম জেলা)
৬. দক্ষিণাঞ্চল (বৃহত্তর নোয়াখালি জেলা ও বরিশাল বিভাগ)
৭. দক্ষিণ-পশ্চিমাঞ্চল (খুলনা বিভাগ ও বৃহত্তর ফরিদপুর জেলা)
বাংলাদেশের পাখির তালিকায় কমবেশি যে ৭২২ প্রজাতির পাখি রয়েছে তাদের মধ্যে প্রায় ৩৪০ প্রজাতি স্থায়ীভাবে বসবাস করে, অর্থাৎ এরা সারাবছর এদেশে থাকে, ডিম পাড়ে ও ছানা তোলে। এরাই হলো এদেশের আবাসিক পাখি। বাদবাকি প্রজাতিগুলো পরিযায়ী (অর্থাৎ বছরের কোনো একটি নির্দিষ্ট সময় এদেশে আসে, বসবাস করে ও সময়মতো মূল আবাসে ফিরে যায়), পন্থ-পরিযায়ী এবং ভবঘুরে বা যাযাবর। এসব পাখি এদেশের মানুষের কাছে আগে, এমনকি এখনও, ‘অতিথি পাখি’ নামেই পরিচিত। এদেরই এক বিশাল অংশ এদেশে আসে শীতকালে যারা শীতের পরিযায়ী পাখি নামেও পরিচিত। এরা এদেশে বংশবিস্তার করে না। এছাড়াও কিছু পাখি গ্রীষ্মেও পরিযায়ন করে, যেমন- বিভিন্ন প্রজাতির কোকিল এবং হালতি বা সুমচা পাখি। এরা গ্রীষ্মের প্রজনন পরিযায়ী পাখি নামে পরিচিত। এছাড়াও বেশকিছু প্রজাতির পরিযায়ী পাখির উপস্থিতি এদেশে অনিয়মিত। হয়তো এক বছর এলো, এরপর আবার ৫ বা ১০ বছর পর এলো, অন্যদের মতো প্রতি বছর এলো না। এদেরকে তাই যাযাবর বা ভবঘুরে বা অনিয়মিত পরিযায়ী পাখি বলে। আর এদের সংখ্যাও নেহাত কম নয়; এদেশে আসা সকল পরিযায়ী পাখির প্রায় এক-তৃতীয়াংশই এরা। আবার কোনো কোনো প্রজাতির পাখি অন্য কোনো দেশে পরিযায়নের এক পর্যায়ে এদেশে স্বল্প সময়ের জন্য বিশ্রাম নিতে আসে, যেমন- বাদামি চটক এবং বন খঞ্জন পাখি। এরা পন্থ-পরিযায়ী পাখি নামে পরিচিত।
আবাসিক, পরিযায়ী, ভবঘুরে এবং পন্থ-পরিযায়ী পাখি মিলে এদেশে কমবেশি যে ৭২২ প্রজাতির পাখি রয়েছে সেগুলো ২৩টি বর্গ ও ৯৩টি গোত্রের অন্তর্ভুক্ত। আশ্চর্যের বিষয় হলো এদেশের মোট পাখির অর্ধেকই একটি বর্গ প্যাসারিফরমেস বা শাখাচারী পাখিদের ১৯টি পরিবারের সদস্য। আমাদের আবাসিক পাখিগুলোর মধ্যে আকার, ওজন ও রঙে যেমন ভিন্নতা রয়েছে, তেমনি ভিন্নতা রয়েছে এদের জীবণযাপন, আবাস, খাদ্যাভাস ও আচার-আচরণে। আবাসিক পাখিগুলোর মধ্যে যেমন আছে জলা বা সৈকতের পাখি, তেমনি আছে লোকালয় ও বনজঙ্গলের পাখি। এই পাখিগুলোর সবগুলোকেই যেমন একই জায়গায় বা একই মৌসুমে দেখা যায় না, তেমনি সমান সংখ্যায়ও দেখা মেলে না। তাছাড়া ৯৩টি গোত্রের মধ্যে ১৮টি গোত্রের কোনো পাখিই এদেশের আবাসিক পাখি নয় যার মধ্যে সারস, বিভিন্ন প্রজাতির চা-পাখি, খোঁয়াজ, রামঠেঙ্গি, বিভিন্ন প্রজাতির ওয়ার্বলার, রোজফিঞ্চ ও বান্টিং উল্লেখযোগ্য। এদেশের আবাসিক পাখিগুলোর মধ্যে অনেকগুলো প্রজাতিই দেখতে বেশ সুন্দর, যেমন- লালশির ট্রোগন, দুধরাজ, পাতা বুলবুলি, আলতাপরী, মৌটুসি, নীলটুনি, শ্বেতাক্ষী, লাল মুনিয়া ইত্যাদি। তবে এদের মধ্যে কোনটি বেশি সুন্দর তা হয়ত অনেকেরই জানা নেই। আসলে পাখির রাজ্যে কোনটি সবচেয়ে সুন্দর তা বলা কঠিন। কারণ একেকটি পাখি একেক দিকে সুন্দর। একেকজনের দৃষ্টিতে একেক পাখিকে সুন্দর মনে হতে পারে। কিন্তু প্রকৃত সুন্দর পাখিটিকে কারো কাছেই অসুন্দর লাগবে না। সৌন্দর্য বিবেচনায় এদেশের পাখিগুলোর মধ্যে পুরুষ নীলটুনি বা দুর্গাটুনটুনিই শ্রেষ্ঠত্বের দাবিদার। যদিও লম্বালেজের পুরুষ ময়ূর (বর্তমানে বিলুপ্ত) এবং দুধরাজও অত্যন্ত সুন্দর। তাছাড়া টকটকে লাল পুরুঘ লাল মুনিয়াও কম সুন্দর নয়। এবার এদেশের বৃহত্তম ও ক্ষুদ্রতম আবাসিক পাখি প্রসঙ্গে আসছি। উচ্চতা-দৈর্ঘ্য-ওজনের ভিত্তিতে বর্তমানে এদেশের বৃহত্তম আবাসিক পাখির নাম মদনটাক যার উচ্চতা ১১৫-১২০ সেমি, দৈর্ঘ্য ৮৭-৯৩ সেমি ও ওজন ৪.৫ কেজি। আর ক্ষুদ্রতম পাখির নাম ছোট ফুলঝুরি যার দৈর্ঘ্য মাত্র ৮ সেমি ও ওজন মাত্র ৬.৩ গ্রাম। অন্যদিকে, বিশ্বের বৃহত্তম পাখির নাম উটপাখি (দৈর্ঘ্য ২৭৫ সেন্টিমিটার ও ওজন ১০০-১১৫ কেজি) এবং ক্ষুদ্রতম পাখির নাম মৌগুঞ্জন পাখি (দৈর্ঘ্য মাত্র ৫-৬ সেন্টিমিটার ও ওজন মাত্র ১.৯৫-২.৬০ গ্রাম)।

এদেশের আবাসিক পাখিগুলোর মধ্যে যেমন রয়েছে নদী, জলা ও সৈকতের পাখি, তেমনি রয়েছে লোকালয়, বনজঙ্গল, মাঠ, ঘাসবন, নলবন ও ঝোপঝাড়ের পাখি। কোনো কোনো পাখিদের কেবল বনেই দেখা যায়, যেমন- বনমোরগ, মথুরা, কাঠময়ূর, ধনেশ, কালো বাজ, পাহাড়ি নীলকন্ঠ, মদনা টিয়া ইত্যাদি আরও কত কী? কিছু কিছু পাখি শুধু মানুষের আবাস এলাকা বা আশেপাশে থাকে, যেমন- চড়ুই, টুনটুনি, ভাত শালিক, কাক ইত্যাদি। আবার কোনো কোনো পাখিদের শুধু খাল-বিল, নদী-নালা ও বিভিন্ন ধরনের জলাশয়েই দেখা যায়, যেমন- বিভিন্ন প্রজাতির হাঁস, বক, সারস, কাস্তেচরা, ডুবালু বা ডুবুরি ইত্যাদি। কিছু পাখি আছে যারা শুধু সুন্দরবনেই বাস করে, অন্য কোথাও না, যেমন- সুন্দরী হাঁস, সুন্দরী সুমচা, লাল মাছরাঙা, সিন্ধু ঈগল ইত্যাদি। কিছু কিছু পাখিকে বনজঙ্গল, লোকালয় বা বাদা বন প্রভৃতি সব পরিবেশেই দেখা যায়, যেমন- বিভিন্ন প্রজাতির হরিয়াল, তিলা ঘুঘু, দোয়েল, বুলবুলি, নীলটুনি, ফুলঝুরি ইত্যাদি। মাঠের বা ক্ষেতখামারের পাখিদের মধ্যে রয়েছে হট্টিটি, খরমা, নীলকন্ঠ, কসাই, ফিঙে, ভরত ইত্যাদি। ঘাসবনের পাখিদের মধ্যে রয়েছে নাগরবাটই, টেকটেকি, মুনিয়া, ধানটুনি, কালোবুক বাবুই ইত্যাদি। ঝোপঝাড়ের পাখির মধ্যে রয়েছে কানাকুক্কা, টুনটুনি ইত্যাদি। একটি কথা মনে রাখতে হবে যে, সব প্রজাতির পাখি যেমন একই জায়গায় বা একই মৌসুমে দেখা যায় না, তেমনি সমান সংখ্যায়ও দেখা মেলে না।

বাংলাদেশে স্থায়ীভাবে বসবাসকারী বিভিন্ন প্রকার পাখির পাশাপাশি এদেশের পরিবেশ মাতিয়ে রাখতে আগমন ঘটে বিভিন্ন জাতের অতিথি পাখির। পৃথিবীর নানা দেশ থেকে সবুজ-শ্যামল এদেশে বেড়াতে আসে এসব অতিথি পাখি। এরা সাধারণত শীতকালে সুদূর হিমালয় ও সাইবেরিয়া অঞ্চল থেকে উড়ে এসে আমাদের দেশের মনোরম পরিবেশে আশ্রয় নেয়। বসন্তকালের শেষের দিকে আবার যথাস্থানে চলে যায় অতিথি পাখিগুলো। শীতকালে রং-বেরঙের নাম না জানা হরেক রকম পাখিতে ভরে যায় জলাশয়, হাওড়, বিল ও পুকুর। আদর করে আমরা সেগুলোকে ‘অতিথি পাখি’ বলি। বিচিত্র তাদের বাচ্চা পালন, বাসা তৈরির কৌশল। ঝড়-বৃষ্টি, তুষারপাতসহ প্রকৃতির প্রতিকূলতা থেকে বাঁচতে তারা পাড়ি জমায় হাজার হাজার মাইল দূরে। পাখি বিশেষজ্ঞদের মতে, ডিসেম্বর ও জানুয়ারি মাসে সবচেয়ে বেশি পাখি আসে বাংলাদেশে। ইংল্যান্ডের নর্থ হ্যামশায়ার, সাইবেরিয়া কিংবা এন্টার্টিকার তীব্র শীত থেকে বাঁচতে দক্ষিণের কম শীতের দেশে যায় পাখিরা। প্রকৃতিগতভাবে এ পাখিদের শারীরিক গঠন খুব মজবুত। এরা সাধারণত ৬০০ থেকে ১৩০০ মিটার উঁচু দিয়ে উড়তে পারে। ছোট পাখিদের ঘণ্টায় গতি ৩০ কিলোমিটার। দিনরাতে এরা প্রায় ২৫০ কিলোমিটার উড়তে পারে। বড় পাখিরা ঘণ্টায় ৮০ কিলোমিটার অনায়াসে ওড়ে। আশ্চর্যের বিষয় হলো, এসব পাখি তাদের গন্তব্যস্থান ঠিকভাবে নির্ণয় করে। সাধারণত সেপ্টেম্বর-অক্টোবরে দলবেঁধে আসতে শুরু করে এসব পাখি। মার্চ-এপ্রিল পর্যন্ত কলকাকলিতে আমাদের প্রকৃতিকে ভরিয়ে রাখে।
বাংলাদেশে আসা অতিথি পাখিদের মধ্যে সোনাজঙ্গ, খুরুলে, কুনচুষী, বাতারণ, শাবাজ, জলপিপি, ল্যাঞ্জা, হরিয়াল, দুর্গা, টুনটুনি, রাজশকুন, লালবন মোরগ, তিলে ময়না, রামঘুঘু, জঙ্গি বটের, ধূসর বটের, হলদে খঞ্চনা ও কুলাউ ইত্যাদি প্রধান। গ্রীষ্মকালে সুমেরুতে থাকে এবং বাচ্চা দেয়—হাঁস জাতীয় এমন পাখি শীতকালে বাংলাদেশে আসে। লাল বুকের ক্লাইক্যাসার পাখি আসে ইউরোপ থেকে। অন্য পাখিরা আসে পূর্ব সাইবেরিয়া থেকে। বাংলাদেশের আরেকটি অতি পরিচিতি অতিথি পাখি নর্দান পিনটেইল। এছাড়াও রয়েছে- স্বচ্ছ পানির খয়রা চকাচকি, কার্লিউ, বুনো হাঁস, ছোট সারস, বড় সারস, হেরন, নিশাচর হেরন, ডুবুরি পাখি, কাদাখোঁচা, গায়ক রেন, রাজসরালি, পাতিকুট, গ্যাডওয়াল, পিনটেইল, নরদাম সুবেলার, কমন পোচার্ড, বিলুপ্তপ্রায় প্যালাস ফিস ঈগল (বুলুয়া)। এছাড়া নানা রং আর কণ্ঠবৈচিত্র্যের পাখিদের মধ্যে রয়েছে ধূসর ও গোলাপি রাজহাঁস, বালি হাঁস, লেঞ্জা, চিতি, সরালি, পাতিহাঁস, বুটিহাঁস, বৈকাল, নীলশীর পিয়াং, চীনা, পান্তামুখি, রাঙামুড়ি, কালোহাঁস, রাজহাঁস, পেড়িভুতি, চখাচখি, গিরিয়া, খঞ্জনা, পাতারি, জলপিপি, পানি মুরগি, নর্থ গিরিয়া, পাতিবাটান, কমনচিল, কটনচিল ইত্যাদি।
এই অতিথি পাখিগুলো আমাদের দেশে এসে সৌন্দর্য প্রস্ফুটিত করার পাশাপাশি আমাদের যথেষ্ট উপকার করে। তাই অতিথি পাখিগুলোকে অতিথি মর্যাদা দেওয়া উচিত। প্রকৃতির ক্ষতিকর পোকামাকড়, কীটপতঙ্গ, ইঁদুর ইত্যাদি খেয়ে ওরা ফসলের ও জলজ প্রাণীদের সুরক্ষা করছে। কিছু পাখি প্রাণী ও উদ্ভিদের বংশবিস্তারে সাহায্য করে। গাছের ডালে আশ্রয় নেওয়া পাখিগুলো গাছের ফাঁকে ফাঁকে থাকা পোকামাকড় ধরে খায়। ফলে গাছপালা পোকার আক্রমণ থেকে রক্ষা পায়। হাওর-বাঁওড়, বিল-ঝিল ও জলাশয়ে পাখিগুলো সাঁতার কাটায় পানিতে অক্সিজেন মেশার সুযোগ পায় এবং পানির ভারসাম্য রক্ষা পায়।
বাংলাদেশের পাখি এদেশের প্রাকৃতিক উপাদানের মধ্যে অন্যতম হলেও কিছু অসাধু এবং অসচেতন মানুষ প্রতিবছর অনেক পাখি নিধন করে। অনেকে শখের বশে আবার অনেকে খাওয়ার জন্য পাখি শিকার করে বেড়ায়। এতে একদিকে প্রাণিজগত ধ্বংসের মাধ্যমে প্রাকৃতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে আবার অন্যদিকে দেশের সৌন্দর্যহানি হচ্ছে। বাংলাদেশে বন্যপ্রাণী সংরক্ষণ নীতি থাকলেও যথাযথ প্রয়োগ না হওয়ার কারণে এ নীতির কেউ তোয়াক্কা করে না। ফলে মানুষের হাতে মারা পড়ছে প্রকৃতির অমূল্য সম্পদ অনেক পাখি। তাছাড়া, অনবরত শিল্পায়নের ফলে দেশে পর্যাপ্ত গাছ-গাছালি এবং বনাঞ্চল না থাকায় পাখির উপস্থিতি এখন আগের মতো লক্ষ্য করা যায় না। ধীরে ধীরে লোপ পেতে বসেছে বাংলাদেশের গহীন অরণ্য। আর সেই সাথে বিলুপ্ত হওয়ার পথে বহু প্রজাতির অগণিত পাখি।
বাংলাদেশের অনুপম রূপ-বৈচিত্র্যের একটি অবিচ্ছেদ্য অংশ হচ্ছে এদেশের পাখি। এরা নানাভাবে আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে। এদের উপস্থিতি আমাদের প্রাণে আনন্দের স্রোত বইয়ে দেয়। বিচিত্র পাখির বিচিত্র ডাক ও কলরব আমাদের চারপাশের পরিবেশকে মোহময় করে রাখে। বাংলাদেশে পাখিদের সরব বিচরণের কারণেই দেশটা এত সতেজ, সজীব ও প্রাণবন্ত।