তাইওয়ানে প্রাচীন শস্য ‘দিল’ চাষে কৃষকের উদ্যোগ

দ্য জাপান টাইমস
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহনশীল ফসলের গুরুত্ব বাড়ছে। এমন সময়ে তাইওয়ানে প্রায় হারিয়ে যাওয়া প্রাচীন এক শস্যের চাষ ফিরিয়ে আনতে কাজ করছেন এক কৃষক ও তার পরিবার। গত ১০ বছর ধরে তারা ‘দিল’ নামে পরিচিত এই শস্যের চাষ ও বীজ সংরক্ষণ করছেন।

দক্ষিণ-পূর্ব তাইওয়ানের তাইতুং কাউন্টির বুকলাভু এলাকায় কৃষক বানু ইসমাহাসান তার বৃদ্ধ বাবা-মাকে নিয়ে এ উদ্যোগ চালিয়ে যাচ্ছেন। বনুন আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী এই শস্যটির ইংরেজি নাম অয়েল মিলেট। এটি তাইওয়ানের নিজস্ব উদ্ভিদ, যা পাহাড়ি এলাকায় প্রাকৃতিকভাবেও জন্মে।

প্রায় ৬০ বছর আগে ধানের সহজলভ্যতা বাড়ার পর জমিতে অয়েল মিলেটের চাষ প্রায় বন্ধ হয়ে যায়। পরে ইন্টারনেটে এ শস্য সম্পর্কে জানতে পেরে আগ্রহী হন বানু। তিনি পুরোনো নথিপত্র ঘেঁটে তথ্য সংগ্রহ করেন এবং স্থানীয় প্রবীণদের সঙ্গে কথা বলেন। তাদের একজন জানিয়েছিলেন, প্রায় ৫০ বছর আগে সর্বশেষ এই শস্য খেয়েছিলেন তিনি।

দুর্যোগে খাদ্যের বিকল্প

আগে বনুন জনগোষ্ঠী প্রধান ফসল ফক্সটেইল মিলেটের পাশাপাশি অয়েল মিলেট চাষ করত। ফসল নষ্ট হলে কিংবা প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে খাদ্যের বিকল্প উৎস হিসেবে এটি সংরক্ষণ করা হতো।

বানুর ভাষ্য, একটি বীজ থেকে ১৫ থেকে ২০টি শিষ জন্মাতে পারে। গাছ কাটার পরও এর গোড়া থেকে নতুন কাণ্ড গজায়। অন্যদিকে ফক্সটেইল মিলেট সাধারণত একটি শিষ দেয় এবং কাটার পর আবার বীজ বপন করতে হয়।

২ দশমিক ২ হেক্টর জমিতে চাষ করে বানু দেখেছেন, অয়েল মিলেট অন্য ফসলের তুলনায় বেশি প্রতিকূলতা সহ্য করতে পারে। কয়েক বছর আগে টানা ২০০ দিনের বেশি খরা চললেও গাছগুলো সবুজ ছিল। এ ছাড়া ঘূর্ণিঝড়, বন্যা ও মরিচা রোগেও ফসলটির তেমন ক্ষতি হয়নি বলে জানান তিনি।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সম্ভাবনা

তাইওয়ানের গবেষণা প্রতিষ্ঠান অ্যাকাডেমিয়া সিনিকার সাবেক অধ্যাপক ও উদ্ভিদ জিনতত্ত্ব বিশেষজ্ঞ সিন ইউয়ে-ইর নেতৃত্বে একটি গবেষক দল দক্ষিণ-পূর্ব তাইওয়ানের পাহাড়ে অয়েল মিলেটের সন্ধান পায়।

গবেষণায় দেখা গেছে, বীজের ওপর থাকা মোমের মতো একটি সুরক্ষামূলক আবরণ গাছটিকে প্রতিকূল পরিবেশে টিকে থাকতে সাহায্য করে। অনুর্বর মাটিতেও এটি সেচ, সার ও কীটনাশক ছাড়াই জন্মাতে পারে।

শস্যটিতে তেল, প্রোটিন ও খনিজ উপাদান রয়েছে। মানুষের খাদ্য, পশুখাদ্য এবং জ্বালানি তৈরিতেও এটি ব্যবহার করা সম্ভব।

বানুর পরিবার বছরে দুইবার অয়েল মিলেট সংগ্রহ করে। তবে চাষে শ্রম বেশি লাগা এবং ধানের তুলনায় এর দাম বেশি হওয়ায় অন্য কৃষকদের এ চাষে আগ্রহী করা কঠিন হচ্ছে।

ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় শস্যটির জিনগত বৈচিত্র্য ও অভিযোজনক্ষমতাকে গুরুত্বপূর্ণ মনে করছে তাইওয়ানের ন্যাশনাল প্ল্যান্ট জেনেটিক রিসোর্সেস সেন্টার। প্রতিষ্ঠানটি মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অয়েল মিলেটের বীজ সংরক্ষণ করছে।

সূত্র: দ্য জাপান টাইমস

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL