কাতারের জ্বালানিমন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবী এবং অর্থমন্ত্রী আলী বিন আহমেদ আল কুয়ারীর সঙ্গে পৃথক বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট) দোহায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকগুলোতে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত; প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক চলাকালে উভয়পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, বিশেষ করে জ্বালানি ও আর্থিক খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্ব দেয়া হয়। আলোচিত বিষয়গুলোর ফলো-আপ এবং এই ক্ষেত্রগুলোতে পারস্পরিক লাভজনক সহযোগিতা এগিয়ে নিতে তারা যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মত হন।
কাতারের অর্থমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে তাদের পারস্পরিক সুবিধামতো বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। পররাষ্ট্রমন্ত্রী একটি উচ্চপর্যায়ের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে দুই দিনের সরকারি সফরে দোহায় অবস্থান করছেন।