চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার শিকিরচর গ্রামের বাসিন্দা ৯০-এর ছাত্র আন্দোলনের নেতা ও ছেংগারচর ডিগ্রি কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল হুদা বাপ্পি সরকার অসুস্থ হয়ে ঢাকার পিজি হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অসুস্থ নুরুল হুদা বাপ্পি সরকার মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার সর্বস্তরের মানুষের কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। একই সঙ্গে দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক জীবনে চলার পথে কারও মনে কষ্ট দিয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য তিনি সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।
নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে বাপ্পি সরকার বলেন, ৫ আগস্টের আগে বিভিন্ন সময়ে তিনি রাজপথে থেকে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন। দলের দুঃসময়ে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি রাজপথে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন।
তিনি বলেন, তার সহযোদ্ধা ওটারচর গ্রামের সাবেক ছাত্রনেতা, সাবেক মতলব উত্তর উপজেলা কৃষক দলের নির্বাচিত সভাপতি ও ছেংগারচর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনিসুজ্জামান আনিস আহমেদসহ অনেক নেতাকর্মী জাতীয়তাবাদী দলের জন্য নিজেদের জীবন-যৌবন উৎসর্গ করেছেন। দলের দুঃসময়ে তারা রাজপথে থেকে আন্দোলন-সংগ্রাম করেছেন এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার দাবিতে সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করেছেন।
বাপ্পি সরকার আক্ষেপ করে বলেন, “জাতীয়তাবাদী দলের জন্য আমরা নিজেদের জীবন বিলিয়ে দিয়েছি। দুঃসময়ে আমরাই রাজপথে ছিলাম, আন্দোলন-সংগ্রাম করেছি। অথচ আজ আমাদের অনেকেরই মূল্যায়ন নেই। আমরা হতাশার মধ্যে জীবনযাপন করছি।”
তিনি দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের আহ্বান জানান।
এদিকে নুরুল হুদা বাপ্পি সরকারের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে তার রাজনৈতিক সহযোদ্ধা, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা তার দ্রুত সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।