বিএনপি নেতাদের জড়িয়ে অপপ্রচারের  অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাট প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

লালমনিরহাট পৌরসভার বিডিআরহাট এলাকায় পারিবারিক জমিজমা নিয়ে বিরোধকে রাজনৈতিক রূপ দিয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছে জেলা বিএনপি। এ ঘটনাকে কেন্দ্র করে দলটির নেতাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে বলেও দাবি করেছেন তাঁরা।

শুক্রবার সকালে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় হামারবাড়ির হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন দলটির নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন লালমনিরহাট জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক। তিনি বলেন, গত ৫ অক্টোবর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বিডিআরহাট এলাকায় আত্মীয়স্বজনের মধ্যে জমিজমা নিয়ে বিরোধের ঘটনা ঘটে। দুই পরিবারের এই ব্যক্তিগত বিরোধকে রাজনৈতিক রং দিয়ে বিএনপি নেতাদের বিরুদ্ধে অন্যায়ভাবে অভিযোগ তোলা হচ্ছে।

একেএম মমিনুল হক দাবি করেন, একটি কুচক্রী মহল রাজনৈতিকভাবে বিএনপিকে হেয় করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। অতীতে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত কিছু ব্যক্তি রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলসহ বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলেও অভিযোগ করেন তিনি।

জেলা বিএনপির নেতাদের দাবি, ৫ আগস্টের পর রাজনৈতিক পরিচয় পরিবর্তন করে বিভিন্ন দলে প্রবেশের মাধ্যমে সুবিধা নেওয়ার চেষ্টা করছে একটি চক্র। নিজেদের অতীত কর্মকাণ্ড আড়াল করতেই ওই চক্র বিএনপি ও দলটির নেতাদের বিতর্কিত করার চেষ্টা করছে বলে তাঁরা অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে একেএম মমিনুল হক আরও বলেন, আলোচিত জমি বিরোধের সঙ্গে বিএনপির কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। এ ঘটনায় থানায় দায়ের করা মামলার বাদী ও আসামি উভয় পক্ষ একই পরিবারের আত্মীয়স্বজন। ব্যক্তিগত বিরোধকে রাজনৈতিক ইস্যুতে পরিণত করে ফায়দা হাসিলের চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে নেতারা বলেন, ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর নাম জড়িয়ে অপপ্রচার চালিয়ে তাঁর রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা নিন্দনীয়। জেলা বিএনপি বলপ্রয়োগ, নৈরাজ্য ও ভাঙচুরের বিরোধী। একই সঙ্গে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, মাদক কারবারি এবং রাজনৈতিক অপপ্রচারে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, দপ্তর সম্পাদক জয়নুল আবেদীন স্বপন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জেলা যুবদলের আহ্বায়ক মান ভিপি আনিছসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় লালমনিরহাটে কর্মরত শতাধিক গণমাধ্যমকর্মীও উপস্থিত ছিলেন।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL