উত্তরায় প্রকাশ্যে কোটি টাকা ছিনতাইয়ের তিন দিনেও আসামিরা অধরা

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

রাজধানীর উত্তরায় প্রকাশ্য দিবালোকে ফিল্মি স্টাইলে ব্যবসায়ী তাসীন আক্তার হকের মালিকানাধীন 'ডিএল ফিলিং স্টেশন'-এর ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় তিন দিন পেরিয়ে গেলেও এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে ডিবিসহ পুলিশের একাধিক তদন্ত দলের অভিযান দ্রুত গতিতে চলছে বলে জানানো হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। 

ডিবি প্রধান জানান, অপরাধীরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পার পাবে না। শিগগিরই ছিনতাইকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ দিকে একই সংবাদ সম্মেলনে মো. শফিকুল ইসলাম আরও জানান, রাজধানীর হাতিরঝিল এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশি-বিদেশি অস্ত্রসহ ডাকাত দলের চার সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। এছাড়া পল্লবী এলাকায় বিএনপি নেতা আলমগীর হোসেনকে গুলি করে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি রুবেল ওরফে ‘ল্যাংড়া রুবেল’সহ দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

ঘটনার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার (৯ আগস্ট) ফিলিং স্টেশনের দুই দিনের বিক্রির জমানো টাকা ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। পথিমধ্যে উত্তরার ১ নম্বর সেক্টর এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেলে আসা ৬ থেকে ৭ জন সশস্ত্র ছিনতাইকারী টাকা বহনকারী কাভার্ডভ্যানের গতিরোধ করে। এরপর তারা পিস্তল উঁচিয়ে ও চাপাতি দিয়ে কুপিয়ে কর্মচারীকে গুরুতর রক্তাক্ত জখম করে ১ কোটি ২১ লাখ টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে আব্দুল্লাহপুরের দিকে পালিয়ে যায়। আহত কর্মচারীকে পরবর্তীতে চিকিৎসার জন্য কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে ডিএমপির উত্তরা বিভাগের উপ-কমিশনার তারেক আহমেদ বেগ জানান, পেট্রোল পাম্পের ম্যানেজার আব্দুল করিম বাদী হয়ে বিমানবন্দর থানায় অজ্ঞাতনামা ৬ থেকে ৭ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পাম্পের টাকা পরিবহনের বিষয়টি ছিনতাইকারীরা আগে থেকেই নজরদারিতে রেখেছিল।

জানা যায়, ছিনতাইয়ের শিকার ‘ডিএল ফিলিং স্টেশন’-এর মালিক তাসীন আক্তার হক সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার বোন, সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী প্রয়াত খুরশীদ জাহান হকের ছোট ছেলে এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাই।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত