জার্মানি থেকে হিটলারের নাৎসি বাহিনীর সদস্যদের পালিয়ে যাওয়ার উদাহরণ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নেতাকর্মীরা আর বাংলাদেশে ফিরতে পারবেন না এবং রাজনীতি করতে পারবেন না।’
বুধবার (১১ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তের ওপার থেকে পলাতক ফ্যাসিস্ট নেত্রী অডিও, ভিডিও কলে তার দলের নেতাদের নির্দেশ দিচ্ছেন জুলাই আন্দোলনকারীদের তালিকা করতে, তাদের ঘরবাড়ি ভেঙে দিতে। তিনি দেশে ফিরলে জুলাইযোদ্ধাদের চরম শিক্ষা দেবেন বলেও হুমকি দিচ্ছেন।
‘সাম্প্রতিক অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়া হচ্ছে’— বিরোধীদলীয় নেতার এমন বক্তব্যে একমত পোষণ করেন সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, বিভিন্ন সময়ে ঢাকায় একটি দলের (জামায়াত) শীর্ষ নেতাদের সঙ্গে বিদেশি বিভিন্ন সংস্থার লোকজনের গোপন বৈঠকের সঙ্গে এই উসকানির কোনো সম্পর্ক আছে কি না, তা জনগণ জানতে চায়।
দেশে ধীরে ধীরে মবের অস্তিত্ব থাকবে না
দেশে ধীরে ধীরে মবের অস্তিত্ব থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বিজ্ঞাপন
তিনি বলেন, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশে ৫৫টি মবের ঘটনা ঘটলেও ২০২৬ সালের একই সময়ে তা কমে ১৬টিতে নেমেছে। এই ১৬টি ঘটনাও যাতে আর না ঘটে, সে জন্য সরকার চূড়ান্ত ব্যবস্থা নেবে।
তিনি দাবি করেন, বিভিন্ন অপরাধের পরিসংখ্যানেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির চিত্র পাওয়া যাচ্ছে।
বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাব
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের পতনের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর ঢাকায় একটি অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা ঘোষণা দিয়েছিলেন, রাজনৈতিকভাবে তাদের ওপর যারা জুলুম-নির্যাতন করেছে, তাদের ক্ষমা করে দিয়েছেন।
আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে বাংলাদেশে যে নির্যাতন ও জুলুম চালানো হয়েছে, সে বিষয়ে কোনো অনুতাপ, অনুশোচনা বা ক্ষমা চাওয়া ছাড়াই একতরফাভাবে ক্ষমা করে দেওয়ার বিষয়টি যৌক্তিক নয় বলে মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৪ সালের ১৩ নভেম্বর লন্ডনের একটি স্থানীয় হোটেলে ব্রিটিশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা বলেছিলেন, ‘আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক পরিবারের সদস্য।’

দেশে সাম্প্রতিক অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, অগ্নিসংযোগ আওয়ামী লীগের পুরোনো রাজনৈতিক অপসংস্কৃতি এবং তাদের ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িত।
এ প্রসঙ্গে ২০০৪ সালের ৪ জুনের একটি ঘটনার উল্লেখ করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর বর্ণনা অনুযায়ী, সেদিন সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগের ডাকা একটি কর্মসূচির সময় শাহবাগে তৎকালীন হোটেল শেরাটনের (বর্তমানে ইন্টারকন্টিনেন্টাল) সামনের সড়কে বিআরটিসির একটি যাত্রীবাহী দোতলা বাস পৌঁছালে একদল দুর্বৃত্ত বাসটি লক্ষ্য করে গানপাউডার নিক্ষেপ করে। এতে মুহূর্তের মধ্যে বাসটিতে আগুন ধরে যায়। যাত্রীরা দরজা বা জানালা দিয়ে বের হওয়ার সুযোগ পাননি।
তিনি বলেন, প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও সে সময়ের গণমাধ্যমে প্রকাশিত স্থিরচিত্রে দেখা যায়, বাসের ভেতরে থাকা যাত্রীরা জানালার গ্রিল ধরে বাঁচার আকুতি জানাচ্ছিলেন। কিন্তু আগুনের তীব্রতার কারণে উদ্ধারকাজ ব্যাহত হয়। ঘটনাস্থলে অন্তত নয়জন মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।
সব মিলিয়ে ওই ঘটনায় ১১ জন নিহত হন বলে সংসদকে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এ ঘটনায় তৎকালীন আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের জবানবন্দি ইউটিউবে পাওয়া যায় বলেও উল্লেখ করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, ওয়ান-ইলেভেনের সময়কার অবৈধ সরকারের আমলে ওই ঘটনার বিবরণ প্রকাশিত হয়েছিল।
মানবাধিকার মেনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহারে আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল থেকে দেশ পরিচালনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফিরে প্রথম ভাষণে একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার কথা বলেছেন। একজন মা যেমন সন্তানের জন্য, ভাই যেমন বোনের জন্য এবং স্ত্রী যেমন স্বামীর জন্য নিরাপদ পরিবেশ কামনা করেন, সরকারও তেমন নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়।
তিনি বলেন, ‘আমরা সেই নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে কখনোই আইনশৃঙ্খলা বাহিনীকে পেটোয়া বাহিনীতে পরিণত করতে চাইনি, করবও না। তবে প্রয়োজনে সরকার পরিস্থিতি অনুযায়ী আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে সংঘটিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন, অপহরণ, গায়েবি মামলা এবং জুলাই আন্দোলনে হতাহতের মতো মানবতাবিরোধী অপরাধের বিচারের অঙ্গীকার পূরণের অংশ হিসেবে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল এখন থেকে জেলায় জেলায় তদন্ত শুরু করবে।
তিনি বলেন, বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের হাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আক্রান্ত হলেও তারা এমন কোনও কার্যক্রমে জড়িত হয়নি, যাতে মানবাধিকার লঙ্ঘিত হয়। কিন্তু সরকারের এই উদারতার সুযোগ পতিত ফ্যাসিবাদী শক্তি নিতে শুরু করেছে বলে মন্তব্য করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমান সরকারের আমলে কাউকে গুম হতে হবে না, ক্রসফায়ারে যেতে হবে না, আয়নাঘরে থাকতে হবে না কিংবা অজ্ঞাত স্থানে নির্যাতনের শিকার হতে হবে না— এমন ধারণা থেকে একটি গোষ্ঠী সুযোগ নেওয়ার চেষ্টা করছে।
মানবাধিকারের প্রতি সরকারের শ্রদ্ধাশীলতার সুযোগ নিয়ে তারা অস্থিরতা ও নাশকতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।
তবে মানবাধিকারের সীমারেখার মধ্য থেকেই অস্থিরতা ও নাশকতা সৃষ্টিকারীদের সব চক্রান্ত নস্যাৎ করে দেওয়ার অঙ্গীকার করেন মন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ‘রাইট অব প্রাইভেট ডিফেন্স’-এর আলোকে অভিযান পরিচালনার সময় প্রয়োজন অনুযায়ী আইনানুগ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, চট্টগ্রামসহ বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের জীবন দিতে হয়েছে। এ ধরনের পরিস্থিতিতে বাহিনীকে আইনানুগভাবে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্বে চলমান কয়েকটি যুদ্ধের কারণে অর্থনৈতিক মন্দা, জ্বালানি তেলসহ বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় শ্রমজীবী মানুষের কষ্ট হচ্ছে বলে স্বীকার করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে এই কষ্টকে উসকানি দিয়ে শ্রমজীবী মানুষকে বিক্ষুব্ধ করার চেষ্টা করছে পতিত শক্তি ও তাদের দেশীয় দোসররা বলে অভিযোগ করেন তিনি।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলের তৈরি পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা মোকাবিলায় সরকার শুরু থেকেই কার্যকর ব্যবস্থা নিয়েছে বলে জানান সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, রাস্তায় নাশকতা ঠেকাতে আইন অনুযায়ী এবং মানবাধিকার ও মানবিকতার প্রতি শ্রদ্ধাশীল থেকে সরকার শক্ত অবস্থান নিয়েছে। একই সঙ্গে শ্রমিকদের কষ্ট লাঘবেও দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্ধারিত সময়ের আগেই শ্রমিক-মালিকসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে একাধিক বৈঠক করে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের কয়েকটি বৈঠকও হয়েছে। সংশ্লিষ্ট সব পক্ষের মতামতের ভিত্তিতে একটি ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে।
এ উদ্যোগে শ্রমিক ও মালিক উভয় পক্ষ সন্তুষ্ট হয়ে কাজে ফিরে গেছেন বলে জানান তিনি।
তবে একটি মহল শ্রমিক সংগঠন ও গোপন সংগঠনের নেতাদের সহায়তায় সীমান্তের ওপার থেকে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে মজুরি বোর্ড গঠন ও ন্যূনতম মজুরি নির্ধারণের অজুহাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ কর্মকাণ্ডের সঙ্গে পতিত সরকারের পলাতক মন্ত্রী, সংসদ সদস্য ও নেতাদের সম্পৃক্ততার সুস্পষ্ট প্রমাণ সরকারের হাতে রয়েছে বলেও দাবি করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, গণমাধ্যমে সাধারণ শ্রমিক ও শ্রমিক নেতারা দাবি করেছেন, উসকানির সঙ্গে জড়িত ব্যক্তিরা সাধারণ শ্রমিক নন; তারা শ্রমিকের নামে নাশকতাকারী। পতিত ফ্যাসিবাদের সুপ্ত শক্তি এবং তাদের দোসর কিছু গুপ্ত শক্তির সংশ্লিষ্টতার খবরও এসেছে বলে উল্লেখ করেন তিনি।
সংসদে প্রতিনিধিত্বকারী একটি রাজনৈতিক দলের শ্রমিক সংগঠন ব্যানার নিয়ে বিভিন্ন স্থানে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে বলেও অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার দাবি, ওই সংগঠনের নেতারা যেকোনও মূল্যে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য নেতাকর্মীদের নির্দেশ দিচ্ছেন। এ ধরনের বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
তবে সংসদীয় রীতিনীতি অনুসরণের কথা উল্লেখ করে তিনি কোনো দল বা ব্যক্তির নাম বলতে চাননি। বলেন, ‘আমি সংসদীয় রীতিনীতি ফলো করতে চাই।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সংসদের পরিবেশ সম্প্রীতিময় রাখতে চায় সরকার। বিভিন্ন নথি বা ডকুমেন্ট সরকারের কাছে থাকলেও সম্প্রীতির স্বার্থে সেগুলো উল্লেখ করা হচ্ছে না। তবে দেশবাসী জানেন, কারা এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। সামাজিক যোগাযোগমাধ্যমে সংশ্লিষ্ট বক্তব্য খুজলেই পাওয়া যাবে বলেও মন্তব্য করেন তিনি।