ঢাকার গুলশানে শুক্রবার দুপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী মিছিল করেছে। এসময় ককটেল বিস্ফোরণেরও ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গুলশান থানার ওসি দাউদ হোসেন বলেন, বেলা পৌনে ১২টার দিকে গুলশান- ১ এর ভোলা মসজিদের সামনে থেকে মিছিলটি বের করার চেষ্টা হয়। তখন পুলিশ ছত্রভঙ্গ করার চেষ্টা করলে মিছিলকারীরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।
পরে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে বলে জানান ওসি দাউদ।
সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মিছিলে কয়েকশ মানুষ ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছেন। মিছিলটি ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ছুড়ছে পুলিশ।
গুলশান থানা ওসি দাউদ বলেন, ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে পাঁচটি ককটেল।