কুড়িগ্রামের চিলমারীতে সারের দাবিতে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ ও স্লোগান দিয়েছেন বিক্ষুব্ধ কৃষকরা। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা কৃষি কার্যালয়ের সামনে এই বিক্ষোভের ঘটনা ঘটে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিক্ষুব্ধ কৃষকদের অভিযোগ, সারের জন্য উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে তাদেরকে সদরে আসতে বলা হয়েছিল। তবে বিপুলসংখ্যক কৃষক একত্র হলেও দীর্ঘ সময় পার হওয়ার পর সার বিতরণ শুরু করা হয়নি। এতে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং তারা স্লোগান দিতে শুরু করেন।
অন্যদিকে, অভিযোগটি অস্বীকার করে উপজেলা প্রশাসন ও কৃষি কার্যালয় জানিয়েছে, কৃষকদের মূলত ‘কৃষক কার্ডে’ স্বাক্ষরের জন্য ডাকা হয়েছিল, সার বিতরণের জন্য নয়। কার্যালয় প্রাঙ্গণে লোকজনের ভিড় বাড়ায় বিশৃঙ্খলা দেখা দিয়েছিল।
এ বিষয়ে জানতে চাইলে চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার জানান, কৃষকেরা প্রধানত কৃষক কার্ড গ্রহণ ও তাতে স্বাক্ষরের কাজের জন্যই উপজেলা চত্বরে এসেছিলেন। পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়ায় সেখানে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।