উদ্বোধন ১৯ অক্টোবর

দশ বছর পর খুলছে আধুনিকায়িত ওসমানী উদ্যান

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে আধুনিকায়ন করা ঐতিহাসিক ওসমানী উদ্যান এবং সেখানে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ আগামী ১৯ অক্টোবর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন ও সুধী সমাবেশ শেষে একই দিন উদ্যানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। রোববার (১১ অক্টোবর) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘ওসমানী উদ্যান আধুনিকায়ন এবং নবনির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন উপলক্ষ্যে প্রস্তুতি সভা’য় সভাপতির বক্তব্যে এ তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম।

তিনি বলেন, প্রায় ১০ বছর বন্ধ থাকার পর অবশেষে নগরবাসী এই দৃষ্টিনন্দন উদ্যানটি ব্যবহার করতে পারবেন। জুলাই শহীদ ও জুলাইয়ের বীর যোদ্ধাদের স্মরণে উদ্যানে বিশেষ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। এটি দর্শনার্থীদের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন এবং শহীদদের আত্মত্যাগের স্মৃতি স্মরণ করার সুযোগ করে দেবে। 

প্রতিমন্ত্রী জানান, নতুনভাবে সাজানো এই উদ্যানে রয়েছে হাঁটার পথ, পরিবার-পরিজন নিয়ে সময় কাটানোর ব্যবস্থা, রেস্তোরাঁ, আধুনিক পাঠাগার, শিশুদের খেলার নির্দিষ্ট স্থান, কৃত্রিম পানির ফোয়ারা ও মনোরম জলধারা। সচিবালয়সংলগ্ন গুরুত্বপূর্ণ এই স্থানের সৌন্দর্য বৃদ্ধি এবং পরিবেশ মনোরম রাখতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
প্রস্তুতি সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ আবদুস সালাম, স্থানীয় সরকার বিভাগের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL