দেশে হাম ও উপসর্গে থামছেই না মৃত্যুর মিছিল। প্রতিদিনই দেশের কোথাও না কোথাও কোমলমতি শিশুরা হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। এতে ক্রমেই বাড়ছে স্বজনদের আহাজারি। শোকাহত পরিবারগুলোকে সান্তনা দেওয়ার ভাষাও যাচ্ছে হারিয়ে। সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে প্রাণ কাড়ল আরও ৪ শিশুর। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে ৯৯১ এ দাঁড়িয়েছে। গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী এ রোগে আক্রান্ত হয়েছে আরও ৯১৭ জন। শনিবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গে ৪ জনের মৃত্যু হয়েছে। একই দিনে আক্রান্ত হয়েছে আরও ৯১৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৯১ জন। এর মধ্যে নিশ্চিত হামে ১০০ জন ও হামের উপসর্গ নিয়ে ৮৯১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় ৮৪৩ জন সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এ পর্যন্ত মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৩ হাজার ১০৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশের হাসপাতালে মোট ১ লাখ ৪৩ হাজার ২১৪ জন রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৩৭ হাজার ৯২১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।