★ হামে মৃত্যু বেড়ে ১০৩৪, একদিনে আক্রান্ত ১৩৯৩
★ ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ২৮১, একদিনে আক্রান্ত ১৯৯৬
রাজধানী ঢাকাসহ সারাদেশে ক্রমেই দীর্ঘ হচ্ছে হাম ও হামের উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা। একই সঙ্গে পাল¬া দিয়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে হাম ও হামের উপসর্গে এবং এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে কেউ না কেউ নতুন করে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। প্রনিনিয়তই হাম ও হামের উপসর্গের সঙ্গে সমানতালে চলছে প্রাণঘাতী ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই প্রাণঘাতী এ দুটি রোগে দীর্ঘ হচ্ছে লাশের সারি। দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ ও ডেঙ্গুর থাবায় ৬ শিশুসহ প্রাণ গেল আরও ১৬ জনের। এর মধ্যে হামের উপসর্গে ৬ শিশু ও এ পর্যন্ত ডেঙ্গুজ্বরে সর্বোচ্চ রেকর্ড ১০ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১১৩৪ জনে দাঁড়িয়েছে। এদের সবাই শিশু। গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী এ রোগে আক্রান্ত হয়েছে ১৩৯৩ জন। অপরদিকে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত এডিস মশাবাহিত ডেঙ্গেুজ্বরে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৮১ জনে দাঁড়িয়েছে। এছাড়া একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯৯৬ জন। মঙ্গলবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম ও ডেঙ্গু-বিষয়ক নিয়মিত পৃথক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক নিয়মিত প্রতিবেদনে বলা হয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে হাম আক্রান্ত হিসেবে মোট এক হাজার ৩৯৩ জন শনাক্ত হয়েছেন। এর মধ্যে হাম উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ২৯১ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১০২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৬ অক্টোবর পর্যন্ত দেশে হামরোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৯৯ হাজার ১৩ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ৯১০ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া এক হাজার ২৯১ জন হাম উপসর্গের রোগীসহ এ সংখ্যা বেড়েছে। এ সময়ে হাম উপসর্গে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৭৬ হাজার ৫১৬ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৬৯ হাজার ২৯০ জন।
এছাড়া মৃত্যুর হিসাবেও হাম উপসর্গে আক্রান্তদের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ছয়জনের মৃত্যু হয়েছে। ফলে গত ১৫ মার্চ থেকে ৬ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩২ জন। তবে গত ১৫ মার্চ থেকে ৬ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হাম রোগীদের মধ্যে মোট ১০২ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদনে বলা হয়, দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে এ পর্যন্ত মোট প্রাণহানি ২৮১ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ৯৯৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিনজন, বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুইজন, ঢাকা বিভাগে বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন ও রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজনের প্রাণহানি হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সবচেয়ে বেশি ৪৮০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে ২০৩ জন, চট্টগ্রাম বিভাগে ২২২, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৯৪, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৮৭, খুলনা বিভাগে ৩০২, ময়মনসিংহ বিভাগে ৯৬, রাজশাহী বিভাগে ১৯৯, রংপুর বিভাগে ৭৫ ও সিলেট বিভাগে ১৮ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সবমিলিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২৮১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ১২৭ জন মারা গেছেন। এ ছাড়া উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ৫৫ জন, ময়মনসিংহ বিভাগে ২৩, বরিশাল বিভাগে ২৪, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, রাজশাহী বিভাগে ১৯ জন, রংপুরে ৬ জন ও সিলেট বিভাগে দুইজনের মৃত্যু হয়েছে।