দেশে হাম-ডেঙ্গুর থাবায় নিভল ৯ প্রাণ

এসএম দেলোয়ার হোসেন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

★ হামে মৃত্যু বেড়ে ১১২৫, একদিনে আক্রান্ত ১৩০০
★ ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ২৬২, একদিনে আক্রান্ত ২০৮৯

 

রাজধানী ঢাকাসহ সারাদেশে ক্রমেই দীর্ঘ হচ্ছে হাম ও হামের উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা। একই সঙ্গে পাল্লা দিয়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে হাম ও হামের উপসর্গে এবং এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে কেউ না কেউ নতুন করে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। প্রনিনিয়তই হাম ও হামের উপসর্গের সঙ্গে সমানতালে চলছে প্রাণঘাতী ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই প্রাণঘাতী এ দুটি রোগে দীর্ঘ হচ্ছে লাশের সারি। দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ ও ডেঙ্গুর থাবায় ৩ শিশুসহ প্রাণ নিভে গেল আরও ৯ জনের। এর মধ্যে হামের উপসর্গে ৩ শিশু ও ডেঙ্গুজ্বরে ৬ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১১২৫ জনে দাঁড়িয়েছে। এদের সবাই শিশু। গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী এ রোগে আক্রান্ত হয়েছে ১৩০০ জন। অপরদিকে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত এডিস মশাবাহিত ডেঙ্গেুজ্বরে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৬২ জনে দাঁড়িয়েছে। এছাড়া একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০৮৯ জন। রোববার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম ও ডেঙ্গু-বিষয়ক নিয়মিত পৃথক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক নিয়মিত প্রতিবেদনে বলা হয়েছে, দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট প্রাণহানি ১ হাজার ১২৫ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া গত একদিনে নতুন করে ১ হাজার ৩০০ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে ২ জন মারা গেছেন। সেই সঙ্গে এই সময়ে রংপুর বিভাগে হামের উপসর্গে আরও একজনের প্রাণহানি হয়েছে। সবমিলিয়ে দেশজুড়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ১২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০২ জন ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৩ জনের মৃত্যু হয়েছে। 

এদিকে চলতি বছরের ১৫ মার্চ থেকে ৪ অক্টোবর পর্যন্ত ১ লাখ ৯৬ হাজার ৪১৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ২১ হাজার ৭৪৮ জনের হাম শনাক্ত হয়েছে। অন্যদিকে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের হাসপাতালগুলোয় মোট ১ লাখ ৭৪ হাজার ১৪৯ জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এখন পর্যন্ত মোট ১ লাখ ৬৬ হাজার ৯০৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদনে বলা হয়, দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে এ পর্যন্ত মোট প্রাণহানি ২৬২ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে দুই হাজার ৮৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিনজন ও ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজনের প্রাণহানি হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সবচেয়ে বেশি ৫১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে ২০৩ জন, চট্টগ্রাম বিভাগে ৩২৪, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০৬, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৯৬, খুলনা বিভাগে ৩৩০, ময়মনসিংহ বিভাগে ৯৯, রাজশাহী বিভাগে ২২৪, রংপুর বিভাগে ৮৩ ও সিলেট বিভাগে ১০ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সবমিলিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২৬২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ১২০ জন মারা গেছেন। এ ছাড়া উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ৫১ জন, ময়মনসিংহ বিভাগে ২২, বরিশাল বিভাগে ২০, চট্টগ্রাম বিভাগে ২৪ জন, রাজশাহী বিভাগে ১৮ জন, রংপুরে ৬ জন ও সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
 

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL