রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে এই ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করা হয়। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বোম্ব ডিসপোজাল ইউনিট উদ্ধারকৃত বোমাগুলো নিরাপদে সরিয়ে নিয়ে রাতেই তা নিষ্ক্রিয় করেছে।
জানা গেছে, সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে অবিস্ফোরিত অবস্থায় ২০টি ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। উদ্ধার করা ককটেল ও পেট্রোল বোমা নিষ্ক্রিয় করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এর আগে, গত শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডি এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরবর্তীতে ওই ঘটনায় মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকা থেকে চারজনকে আটক করে পুলিশ। সম্প্রতি রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীসহ বেশকিছু স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়াও বেশকিছু বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পৃথক এসব ঘটনায় ঢাকার প্রবেশপথসহ রাজধানীজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী।