মানিলন্ডারিং ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বেস্টওয়ে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মো. মিজানুর রহমান এবং তার স্ত্রী তানিয়া সুলতানা তানভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবিরের আদালত তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
দুদক জানায়, এর আগে গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) হাউজিং ব্যবসার নামে মানিলন্ডারিং ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বেস্টওয়ে গ্রুপের এমডি ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক (মানিলন্ডারিং) মো. সেলিম মিয়া।
দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে দুদকের করা আবেদনে বলা হয়, প্রাথমিক তথ্যাদি পর্যালোচনায় দেখা যায় বেস্টওয়ে গ্রুপের এমডি মিজানুর রহমান ও তার স্ত্রী তানিয়া সুলতানা তানভী হাউজিং ব্যবসার আড়ালে প্রতারণার মাধ্যমে প্রায় ২০০ কোটি টাকা মানিলন্ডারিং এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এমন অভিযোগে তাদের বিরুদ্ধে অনুসন্ধান চলছে।
এতে আরও বলা হয়, প্লট বরাদ্দ দেয়ার নামে গ্রাহকদের কাছ থেকে অর্থ হাতিয়ে প্রতিশ্রুতি দেয়া প্লট বুঝিয়ে না দেয়া এবং অর্থ ফেরত না দেয়ার অভিযোগে বেস্টওয়ে ল্যান্ড প্রোপার্টিজ লিমিটেডের এমডি মো. মিজানুর রহমান, চেয়ারম্যান তানিয়া সুলতানা তানভী ও পরিচালক মো. মোমেনের বিরুদ্ধে গত ২১ জুলাই রাজধানীর বনানী থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।
বেস্টওয়ে গ্রুপের এমডি ও তার স্ত্রী দেশত্যাগের চেষ্টা করছেন উল্লেখ করে আবেদনে বলা হয়, তারা বিদেশে পালিয়ে গেলে অভিযোগের অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এই অবস্থায় অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করতে আদালতে এ আবেদন করে দুদক।