রাজধানীতে কোম্পানিভিত্তিক বাস পরিচালনার উদ্যোগ শুরুর আগেই রুট বরাদ্দ নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে পরিবহন মালিকদের মধ্যে। ৩৬ বছর ধরে ফার্মগেট রুটে চলাচল করা রজনীগন্ধা পরিবহনকে দেওয়া হয়েছে কাঁচপুর রুট। এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আবেদনও করেছে কোম্পানিটি। একইভাবে আরও কয়েকটি পরিবহন কোম্পানি নির্ধারিত রুট ও বাসের ফিটনেসসংক্রান্ত জটিলতায় রয়েছে।
তবে এসব জটিলতার মধ্যেই রোববার (১ নভেম্বর) রাজধানীর ৬টি রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। বেলা ১১টায় মানিক মিয়া অ্যাভিনিউতে এ কার্যক্রমের উদ্বোধন করা হবে।
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) সূত্রে জানা গেছে, পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এ কার্যক্রমের উদ্বোধন করতে পারেন।
রজনীগন্ধা পরিবহনের চালক মো. আমির বলেন, তাদের কোম্পানি ৩৬ বছর ধরে ফার্মগেট রুটে বাস পরিচালনা করছে। কিন্তু ডিটিসিএ তাদের কাঁচপুর রুট বরাদ্দ দিয়েছে। এ বিষয়ে বাস মালিক সমিতির মাধ্যমে ডিটিসিএতে রুট পুনর্বিবেচনার আবেদন করা হয়েছে। সমস্যার সমাধান হলে তারা নতুন ব্যবস্থায় যুক্ত হবেন।
ডিটিসিএর অতিরিক্ত নির্বাহী পরিচালক মো. মশিউর রহমান বলেন, রজনীগন্ধা, প্রজাপতি ও পরিস্থানসহ কয়েকটি কোম্পানি নির্ধারিত রুট নিয়ে সমস্যায় রয়েছে। কিছু বাসের ফিটনেস ও নির্ধারিত রঙের মান নিয়েও জটিলতা আছে। এসব সমস্যা সমাধানে কাজ করছে কর্তৃপক্ষ।
তিনি বলেন, রোববার কয়েকটি কোম্পানি রুট রেশনালাইজেশন কার্যক্রমে যুক্ত হতে না পারলেও উদ্যোগটি চালু করা হবে। ব্যবস্থাপনা ও পরিচালনাসংক্রান্ত সমস্যা সমাধানে নিয়মিত বৈঠক হচ্ছে।
ছয় রুটে ৮১৬ বাসের পরিকল্পনা