বিপুল উৎসাহ-উদ্দীপনা আর উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) আয়োজনে অনুষ্ঠিত দুই দিনব্যাপী আনন্দ হাউজিং-ক্র্যাব স্পোর্টস কার্নিভাল-২০২৬। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনন্দ গ্রুপের চেয়ারম্যান গাজী মো. মোজাম্মেল হক। কার্নিভালের দ্বিতীয় ও সমাপনী দিনে গতকাল সোমবার অনুষ্ঠিত হয় ক্রিকেট টুর্নামেন্ট। দুপুরে রাজধানীর পল্টন আউটার স্টেডিয়ামে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে টিম ক্রাইম টাইটান্সকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় টিম ডমিনেটরস। ফাইনাল ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ফয়সাল।

এদিকে ম্যান অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন মনি আচার্য্য। ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ ট্রফি তুলে দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি এবং আনন্দ গ্রুপের চেয়ারম্যান গাজী মো. মোজাম্মেল হক। এ সময় উপস্থিত ছিলেন ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদি তমাল, সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ ও সাবেক সহ-সভাপতি শাহীন আবদুল বারী।

সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেন, যুব সমাজকে মাদক ও ডিভাইস আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। তাই সরকার দেশব্যাপী খেলাধুলার সুযোগ বাড়াতে কাজ করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আনন্দ গ্রুপের চেয়ারম্যান গাজী মো. মোজাম্মেল হক বলেন, ক্রীড়ামোদি নতুন প্রজন্ম তৈরি করতে ব্যবসায়ীসহ সমাজের বিত্তশালীদের আরো এগিয়ে আসতে হবে। তাহলে আরো মেধাবী তরুন প্রজন্মের হাত ধরে এগিয়ে যাবে বাংলাদেশ। সভাপতির বক্তব্যে ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল বলেন, সাংবাদিকদের খেলাধুলায় আরো উৎসাহিত করার পাশাপাশি নতুন প্রজন্মের জন্য কাজ করতে আগ্রহী করে এসব আয়োজন।

সামাজিক উন্নয়নে সাংবাদিকদের খেলাধুলায় এগিয়ে আসার আহবান জানান ক্র্যাব সভাপতি। ক্র্যাবের সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ বলেন, মাদক ও মোবাইল আসক্তিমুক্ত তরুণ সমাজ তৈরির জন্য ক্র্যাবের এ আয়োজন সবার কাছে অনুপ্রেরনা হয়ে থাকবে।

এবারের আনন্দ হাউজিং-ক্র্যাব স্পোর্টস কার্নিভাল-২০২৬ এর দ্বিতীয় ও সমাপনী দিনে অনুষ্ঠিত ক্রিকেট টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করে। নক আউট পদ্ধতিতে দুটি গ্রুপে খেলা অনুষ্ঠিত হয়।

গ্রুপ ‘এ’—তে খেলা দলগুলো হলো- টাইগার ফার্স্ট, ডমিনেটরস, এভারগ্রীন এবং এফবিআই। গ্রুপ ‘বি’-তে খেলা দলগুলো হলো- ক্রাইম টাইটান্স, ইন্টারপোল, ইসি একাদশ এবং অল রাউন্ডার। ক্র্যাবের সাধারণ সম্পাদক এম এম বাদশাহর সঞ্চালনায় খেলা পরিচালনা করেন ক্র্যাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু জাফর।

উল্লেখ্য, গত রোববার সকাল ১১টায় রাজধানীর পল্টন আউটার স্টেডিয়ামে দুই দিনব্যাপী আনন্দ হাউজিং-ক্র্যাব স্পোর্টস কার্নিভাল-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনন্দ গ্রুপের চেয়ারম্যান গাজী মো. মোজাম্মেল হক। এদিন মোট ৮টি দলের অংশগ্রহণে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের ফাইল ম্যাচে টিম ডমিনেটরস অসাধারণ ক্রীড়ানৈপুণ্য দেখিয়ে টিম এভারগ্রীনকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন ইশতিয়াত ইমন। টুর্নামেনট শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ ট্রফি তুলে দেন আনন্দ গ্রুপের চেয়ারম্যান গাজী মো. মোজাম্মেল হক।