মায়ের বুক থেকে দূরে ১৩ মাসের শিশু মোজাহিদ। কোথায় আছে, কার কাছে আছে—কিছুই জানেন না মা রোজিনা বেগম। এরই মধ্যে খবর ছড়িয়ে পড়ে, তাঁর স্বামী নাঈম নাকি দুই লাখ টাকার বিনিময়ে শিশুটিকে অন্যের কাছে দিয়ে দিয়েছেন। এমন অভিযোগ নিয়ে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন রোজিনা।
ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের মাইজহাটি সুতিভরাট গ্রামে। গত রোববার রাতে শিশুটিকে নিয়ে নাঈম বাড়ি থেকে বের হয়ে যান বলে অভিযোগ করেছেন রোজিনা। এরপর থেকেই শিশুটির কোনো সন্ধান পাচ্ছেন না তিনি।
রোজিনা বেগমের অভিযোগ, বৃহস্পতিবার শিশুকে দুই লাখ টাকায় বিক্রি করে দেওয়ার খবর জানতে পেরে তিনি ঢাকা থেকে ঈশ্বরগঞ্জে স্বামীর বাড়িতে ছুটে আসেন। সেখানে স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে খোঁজ নেন। পরে স্বামী নাঈমসহ ছয়জনের নাম উল্লেখ করে ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন তিনি।
রোজিনার ভাষ্য, প্রায় দুই বছর আগে নাঈমের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন সময় স্বামীর হাতে নির্যাতনের শিকার হয়েছেন তিনি। প্রায় পাঁচ মাস আগে তাঁকে মারধর করে শিশু সন্তানকে বাড়িতে রেখে বের করে দেওয়া হয়। এরপর থেকে তিনি ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করছেন।
রোজিনা বলেন, ‘আমার সন্তানকে আমি ফিরে পেতে চাই। আমার কোলের সন্তান কোথায় আছে, কীভাবে আছে—কিছুই জানি না। যারা আমার সন্তানকে নিয়ে গেছে বা এর সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় এনে সন্তানকে আমার কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক।’
রোজিনা ভোলা জেলার মনপুরা উপজেলার সাকুরিয়া গ্রামের জাকির হোসেনের মেয়ে।
এদিকে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন। তিনি বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করতে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শিশুটি বর্তমানে কোথায় রয়েছে এবং আদৌ তাকে অর্থের বিনিময়ে অন্যের কাছে দেওয়া হয়েছে কি না—তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।