ডিসেম্বরে রাজপথে শক্তি দেখাতে চায় দলগুলো

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

বিজয়ের মাস ডিসেম্বর ঘিরে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে তৎপরতা। নিজেদের সাংগঠনিক শক্তি প্রদর্শন, দাবি আদায় এবং রাজনৈতিক অবস্থান জানান দিতে নানা কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বামপন্থী দল ও জাতীয় পার্টি। ক্ষমতাসীন বিএনপি দল ও অঙ্গসংগঠনগুলোকে সক্রিয় রাখতে ধারাবাহিক কর্মসূচি নেওয়ার পরিকল্পনা করছে। অন্যদিকে সাত দফা দাবি আদায়ে রোড মার্চ ও মহাসমাবেশের প্রস্তুতি নিচ্ছে জামায়াতসহ সমমনা দলগুলো। বিজয় দিবস উদযাপনের পাশাপাশি রাজনৈতিক প্রতিপক্ষ ও সন্ত্রাসীদের প্রতিরোধে মাঠে থাকার পরিকল্পনা এনসিপির। অর্থপাচার, স্থানীয় সরকার নির্বাচন ও জনজীবনের সংকট নিয়ে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বামপন্থীরা। রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় কর্মসূচি নিয়ে মাঠে নামতে চায় জাতীয় পার্টিও।
বিএনপি সূত্রে জানা গেছে, বিক্ষোভ মিছিল, শোভাযাত্রা, অবস্থান ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে। ১৫ নভেম্বর প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দল এবং অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়। শহীদ বুদ্ধিজীবী দিবস, বিজয় দিবস, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণসভা ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্মসূচির পাশাপাশি ৩০ ডিসেম্বরও দলীয় আয়োজন থাকবে।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, সাত দফা দাবিতে এরই মধ্যে তিনটি রোড মার্চ হয়েছে। সামনে আরও রোড মার্চ এবং ঢাকায় বড় মহাসমাবেশের পরিকল্পনা রয়েছে। সমমনা ১৩ দলের পক্ষ থেকে আয়োজিতব্য মহাসমাবেশ ডিসেম্বর নাকি আগামী জানুয়ারিতে হবে, তা শিগগিরই চূড়ান্ত হবে। দাবিগুলোর মধ্যে রয়েছে গণভোটের গণনা মেনে নেওয়া, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, জ্বালানি খাতের অব্যবস্থাপনা দূর করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি।
এনসিপির কেন্দ্রীয় কমিটির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত জানান, বিজয় দিবস উদযাপনের পাশাপাশি রাজনৈতিক প্রতিপক্ষ ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধের কর্মসূচি নেওয়ার চিন্তা রয়েছে। শীর্ষ নেতাদের বৈঠকে কর্মসূচির চূড়ান্ত রূপরেখা নির্ধারণ করা হবে।
সিপিবি বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচির পাশাপাশি অর্থপাচার এবং স্থানীয় সরকার নির্বাচনে জামানত ও ফি নির্ধারণে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। ১ ডিসেম্বর আলোর মিছিল এবং ৩১ ডিসেম্বর কমরেড মণি সিংহের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সমাবেশের আয়োজন করবে দলটি।
জাতীয় পার্টি ১৪ ও ১৬ ডিসেম্বরের কর্মসূচির পাশাপাশি ১ জানুয়ারি প্রতিষ্ঠাবার্ষিকী পালন এবং বিভিন্ন এলাকায় সাংগঠনিক সফরের পরিকল্পনা করছে। তবে কর্মসূচির পরিসর নির্ভর করবে রাজনৈতিক পরিস্থিতি ও প্রশাসনের অনুমতির ওপর।
মাসব্যাপী ‘বিজয় উৎসব-২০২৬’ পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। কর্মসূচিতে রয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক আলোচনা, চলচ্চিত্র প্রদর্শনী, রচনা প্রতিযোগিতা, কুইজ, বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও বিজয় কনসার্ট।
এদিকে মহান বিজয় দিবসের অনুষ্ঠান নির্বিঘ্ন করতে দেশজুড়ে নিñিদ্র নিরাপত্তাব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ১৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে আন্তমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় জাতীয় স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় সিসিটিভি ও আইপি ক্যামেরা স্থাপন, গোয়েন্দা নজরদারি জোরদার এবং ঢাকা থেকে সাভার পর্যন্ত বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনার সিদ্ধান্ত নেওয়া হয়। বঙ্গভবন, সোহরাওয়ার্দী উদ্যানসহ গুরুত্বপূর্ণ অনুষ্ঠানস্থলেও থাকবে বিশেষ নিরাপত্তা। জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হবে ফায়ার সার্ভিসের গাড়ি ও জনবল।


 

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL