সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে দেয়ার অভিযোগে রাজধানীর ক্যান্টনমেন্ট থানার রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক মো. রাকিবুল হাসানকে ফের দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান শুনানি শেষে এ আদেশ দেন। এ দিন এ মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়।
এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিএমপির গোয়েন্দা বিভাগের গুলশান জোনাল টিমের পুলিশ পরিদর্শক মো. জেহাদ হোসেন পুনরায় তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এতে বলা হয়, আসামিকে জিজ্ঞাসাবাদে তিনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন। তার দেয়া চার মিনিট ২৯ সেকেন্ডের অডিও সম্প্রচার ডিভিডিতে ধারণ করে জব্দ করা হয়েছে। মামলাটি সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের স্বার্থে নমুনা কণ্ঠস্বরের সঙ্গে আসামি মো. রাকিবুল হাসানের তুলনামূলক পরীক্ষা করার জন্য তাকে পুনরায় তিন দিনের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ সময় আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহিন রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন।