যুক্তরাজ্যের লন্ডনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাধারণ প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের এক পোস্টে তিনি এসব কথা বলেন।
পোস্টে নাহিদ ইসলাম বলেন, আজ লন্ডনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশি ভাই-বোনদের ব্যাপক অংশগ্রহণে আমরা গভীরভাবে কৃতজ্ঞ ও অভিভূত। যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, প্রবাসী কমিউনিটির নেতারা, ১১ দলীয় ঐক্যের নেতারাসহ অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
তিনি বলেন, দুঃখজনকভাবে, অনুষ্ঠান শেষে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পলাতক ও উগ্র কর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাধারণ প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আমরা এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।