জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, শ্রমিকের অর্থনৈতিক উন্নতি মানেই দেশের অর্থনৈতিক উন্নতি। আর দেশের অর্থনৈতিক উন্নতি মানেই আপনার-আমার জীবনমানের উন্নতি। শ্রমিকের ন্যায্য মজুরির লড়াই শুধু শ্রমিকের একার লড়াই নয়, এটি একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ অর্থনীতি গড়ার লড়াই।
সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশের সেরা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেও অনেক তরুণকে ১৫ হাজার টাকা বেতনে চাকরি করতে হয়। তাই ৩০ হাজার টাকা শ্রমিকের বেতনের দাবি শুনলে অনেকের কাছেই তা আকাশকুসুম কল্পনা মনে হয়।
৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিকদের আন্দোলনে দেশের শিক্ষিত, সচেতন ও পেশাজীবী মানুষের জোরালো সমর্থন দেওয়া উচিত বলেও মন্তব্য করেন এনসিপির এই নেতা।