মাছের নুডলস পায়খানা: কারণ, লক্ষণ ও করণীয়

কৃষিবিদ প্রান্তরায়
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

মাছের নুডলস পায়খানা: কারণ, লক্ষণ ও করণীয়

নুডলস পায়খানা কী?

আধুনিক পদ্ধতিতে মাছ চাষে প্রতিনিয়ত আমাদের নানা ধরণের সমস্যার সম্মুখীন হতে হয়। পরিবেশ-পরিস্থিতি, খামার ব্যবস্থাপনা, আকস্মিক জলবায়ুর পরিবর্তন সব মিলিয়ে এক মহা চড়াই-উতরাই পার করে কাঙ্ক্ষিত ফলন আনতে একজন মৎস্যচাষীকে যে পরিমান পরিশ্রম করতে হয় তা একমাত্র তারা ছাড়া অন্যদের পক্ষে সেটি বোঝা দুরূহ। এরপরও অনেক ক্ষেত্রে কিছু নেতিবাচক দিক তাদের পূর্বাভিজ্ঞতা ও সচেতনতাকেও হার মানাতে বাধ্য করে। তেমনি একটি নেতিবাচক এক সমস্যার নাম- মাছের নুডলস পায়খানা।

মাছের মল যখন নুডলসের মতো সরু, লম্বা ও সুতার আকৃতির দেখা যায়, তখন মৎস্যচাষীরা সাধারণভাবে একে “নুডলস পায়খানা” বলে থাকেন। এটি নিজে কোনো নির্দিষ্ট রোগের নাম নয়; তবে মাছের খাদ্য হজম, অন্ত্রের স্বাস্থ্য কিংবা অন্যান্য হজমজনিত আন্ত্রিক সমস্যার একটি সম্ভাব্য লক্ষণ। তবে সমস্যাটি দীর্ঘদিন চলতে থাকলে মাছের খাবার গ্রহণ কমে যেতে পারে, বৃদ্ধি ব্যাহত হতে পারে এবং ওজন কমে যেতে পারে। অন্ত্রের প্রদাহ বা সংক্রমণ থাকলে গুরুতর অবস্থায় মাছের মৃত্যুও হতে পারে।

 

মাছের নুডলস পায়খানার সম্ভাব্য কারণ

১. নিম্নমানের বা নষ্ট খাদ্য উপকরণ
মেয়াদোত্তীর্ণ, ছত্রাকাক্রান্ত, দুর্গন্ধযুক্ত বা সঠিকভাবে সংরক্ষণ না করা খাদ্য উপকরণ মাছের হজম ও অন্ত্রের স্বাস্থ্যে সমস্যা সৃষ্টি করতে পারে।

২. খাদ্যের পুষ্টিগত ভারসাম্যহীনতা
খাদ্যে প্রোটিন, কার্বোহাইড্রেট, চর্বি ও আঁশের অনুপযুক্ত অনুপাত এবং নিম্নমানের কাঁচামাল হজমে সমস্যা সৃষ্টি করতে পারে। তবে উদ্ভিজ্জ প্রোটিন বেশি থাকলেই যে নুডলস পায়খানা হবে- ব্যাপারটি এমন নয়।

৩. অতিরিক্ত অপাচ্য উদ্ভিজ্জ উপাদান
মাছের প্রজাতি ও খাদ্যাভ্যাসের সঙ্গে সামঞ্জস্যহীনভাবে ঘাস, লতাপাতা, পানা বা অন্যান্য উদ্ভিজ্জ উপাদান অতিরিক্ত গ্রহণ করলে মলের গঠন পরিবর্তিত হতে পারে।

৪. অন্ত্রের প্রদাহ বা সংক্রমণ
Aeromonas spp., Pseudomonas spp.-এর মতো ব্যাকটেরিয়া ছাড়াও কিছু প্রোটোজোয়া এবং ফাঙ্গাস এর মাইকোটক্সিন প্রভাব- এ রোগের সঙ্গে সম্পর্কিত হতে পারে। তাই শুধু মলের আকৃতি দেখে এসব ব্যাকটেরিয়ার সংক্রমণ নিশ্চিত করা যায় না। প্রয়োজনে পরীক্ষাগারে নমুনা পরীক্ষা করতে হবে।

৫. পরজীবী ও অন্যান্য অন্ত্রজনিত সমস্যা
অন্ত্রের পরজীবী, প্রদাহ, খাদ্য হজমের সমস্যা এবং অন্যান্য রোগের কারণেও মলের স্বাভাবিক গঠন পরিবর্তিত হতে পারে।

করণীয় ও ব্যবস্থাপনা

ধাপ ১: মাছ ও পুকুর পর্যবেক্ষণ করুন

  • মাছ স্বাভাবিকভাবে খাবার খাচ্ছে কি না দেখুন।
  • নিয়মিত মাছের স্বাস্থ্য পর্যবেক্ষণ (বৃদ্ধি, আচরণ, দেহের অবস্থা ও মৃত্যুর হার) করুন।
  • পানির দ্রবীভূত অক্সিজেন (DO), pH, অ্যামোনিয়া ও তাপমাত্রা পরীক্ষা করুন।
  • পুকুরে অতিরিক্ত জৈব বর্জ্য, পচা উদ্ভিদ ও অবশিষ্ট খাবার থাকলে সতর্কতার সাথে নিরাপদভাবে অপসারণ করুন।

ধাপ ২: খাদ্যের মান যাচাই করুন

  • খাবারের মেয়াদ, গন্ধ, রং ও সংরক্ষণ ব্যবস্থা পরীক্ষা করুন।
  • ছত্রাকাক্রান্ত বা নষ্ট খাদ্য ব্যবহার বন্ধ করুন।
  • মাছের প্রজাতি ও বয়স অনুযায়ী সুষম খাদ্য দিন।
  • খাদ্য পরিবর্তন করতে হলে ধীরে ধীরে পরিবর্তন করুন এবং মাছের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করুন।

ধাপ ৩: সমস্যার কারণ নির্ণয় করুন

পানির গুণমান ও খাদ্য ব্যবস্থাপনা ঠিক করার পরও সমস্যা চলতে থাকলে, বিশেষ করে মাছের খাবার গ্রহণ কমে গেলে, ওজন কমলে বা মৃত্যুর ঘটনা ঘটলে মৎস্য বিশেষজ্ঞের পরামর্শ নিন। প্রয়োজন অনুযায়ী মাছের মল, অন্ত্র ও অন্যান্য নমুনা পরীক্ষা করে রোগের কারণ নির্ণয় করতে হবে।

ধাপ ৪: প্রয়োজন অনুযায়ী চিকিৎসা দিন

  • পানির সঠিক মান বজায় রাখুন।
  • খাদ্যের সঙ্গে নিয়মিত ভালোমানের গাটপ্রোবায়োটিক (গাট ট্রিট), এনজাইম, লিভার টনিক (লিভা ফ্রেশ অ্যাকোয়া) এবং ভিটামিন-সি ব্যবহার করুন।
  • প্রয়োজনে খাদ্যের সাথে ভালোমানের টক্সিন বাইন্ডার (ফেয়ারটক্স লাইট) ব্যবহার করুন।
  • লবণ বা জীবাণুনাশক কেবল নির্দিষ্ট প্রয়োজনে, মাছের প্রজাতি, মাত্রা ও পণ্যের নির্দেশনা অনুযায়ী ব্যবহার করুন।
  • ব্যাকটেরিয়াজনিত রোগ সন্দেহ হলে অন্ধভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহার না করে রোগ নির্ণয় ও বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী যথাযথ ব্যবস্থা নিন।

 

প্রতিরোধে যা মনে রাখবেন

১. নিয়মিত পুকুরের পানি ও মাছের স্বাস্থ্য পর্যবেক্ষণ করুন।
২. পচা উদ্ভিদ, অতিরিক্ত জৈব বর্জ্য ও অবশিষ্ট খাবার জমতে দেবেন না।
৩. মেয়াদোত্তীর্ণ, ছত্রাকাক্রান্ত বা নিম্নমানের খাদ্য উপকরণ ব্যবহার করবেন না।
৪. মাছের প্রজাতি ও বয়স অনুযায়ী সুষম খাদ্য নিশ্চিত করুন।
৫. উদ্ভিজ্জ বা প্রাণিজ প্রোটিনের অনুপাত মাছের প্রজাতি ও খাদ্য ফর্মুলা অনুযায়ী নির্ধারণ করুন। শুধু সব মাছের জন্য একই পরিমাণ প্রাণিজ প্রোটিন নির্ধারণ করা সঠিক নয়।
৬. সমস্যাটি দীর্ঘস্থায়ী হলে দ্রুত রোগ নির্ণয়ের ব্যবস্থা নিন।

 

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL