ঈদগাঁও-ঈদগড় সড়কে দুই দফা ডাকাতি: ১২ ঘণ্টার অভিযানে মালামাল ও অস্ত্র উদ্ধার, আটক ২

এম জসিম উদ্দিন, কক্সবাজার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

 

কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালায় পরপর দুই দফা ডাকাতির ঘটনায় ১২ ঘণ্টারও বেশি সময় ধরে অভিযান চালিয়ে লুণ্ঠিত মালামাল, দেশীয় অস্ত্র ও একটি খেলনা পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক নারীসহ দুজনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। ডাকাতির সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

মঙ্গলবার সকালে কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান লুণ্ঠিত মালামাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৬টা এবং দুপুর আড়াইটার দিকে ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালায় পৃথক দুটি ডাকাতির ঘটনা ঘটে। মুখোশধারী একদল ডাকাত সড়কে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশা, জিপ ও মোটরসাইকেলের যাত্রীদের পথ আটকে মুঠোফোন, নগদ টাকা, নারীদের ব্যাগ, অলংকারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

 

পরপর দুই দফা ডাকাতির ঘটনায় সড়কে চলাচলকারী যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঈদগাঁও থানা পুলিশ হিমছড়ি ঢালাসংলগ্ন পাহাড়ি এলাকায় অভিযান শুরু করে। দীর্ঘ সময় ধরে তল্লাশি চালিয়ে পাহাড়ি এলাকার একটি বাড়ি থেকে লুণ্ঠিত মালামাল, দেশীয় অস্ত্র ও খেলনা পিস্তল উদ্ধার করা হয়। এ সময় এক নারীসহ দুজনকে আটক করা হয়।

 

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম শিফাতুল মাজদার বলেন, ডাকাতির খবর পাওয়ার পরপরই পুলিশ অভিযান শুরু করে। ১২ ঘণ্টারও বেশি সময় ধরে চলা অভিযানে লুণ্ঠিত মালামাল ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি আরও বলেন, ডাকাতির সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় না আনা পর্যন্ত পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

 

ডাকাতির শিকার ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, ডাকাতদলে ১২ থেকে ১৫ জন সদস্য ছিল। তারা অন্তত ৫০ থেকে ৬০টি যানবাহনে থাকা শতাধিক যাত্রীর কাছ থেকে মালামাল লুট করে। মুখোশ পরা ডাকাতেরা বিভিন্ন যানবাহনের যাত্রীদের জিম্মি করে মুঠোফোন, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

 

পুলিশ জানায়, উদ্ধার করা মালামালের মধ্যে নারীদের ব্যবহৃত ব্যাগ ও অলংকার রয়েছে। তবে উদ্ধার হওয়া মালামালের সম্পূর্ণ বিবরণ এবং ডাকাতির সঙ্গে জড়িত অন্যদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL