★ সীমান্তে বিজিবি’র অভিযান

উচ্চ ক্ষমতাসম্পন্ন বিপুল সংখ্যক বিস্ফোরক, ডেটোনেটর-ফিউজ উদ্ধার

এসএম দেলোয়ার হোসেন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

★ অক্টোবরে ২৭৩ কোটি ৩৭ লক্ষাধিক টাকার মালামাল জব্দ

 

সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী নুনছড়া চা-বাগান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪৮টি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক (হাই পাওয়ার জেল), ১০০টি নন-ইলেকট্রিক ডেটোনেটর ও ১১টি ফিউজ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া গেল অক্টোবর মাসজুড়ে সীমান্ত এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অস্ত্র-মাদক ও চোরাচালানি পণ্যসহ ২৭৩ কোটি ৩৭ লক্ষাধিক টাকার মালামাল জব্দ করেছে বিজিবি’র বিভিন্ন ব্যাটালিয়ন। একই সময়ে ২১৯ জন চোরাচালানী এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১১৪ জন বাংলাদেশী নাগরিক, ৭ জন ভারতীয় নাগরিক ও ৩৫০ জন মায়ানমার নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গতকাল শনিবার গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন সিলেটের জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ সোহেল আলম এবং বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।
 
সিলেট জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ সোহেল আলম জানান, গতকাল শনিবার ভোর আনুমানিক ৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধীনস্থ সুরাইঘাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত মেইন পিলার ১৩১৭ হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিলেটের কানাইঘাট উপজেলাধীন সীমান্তবর্তী নুনছড়া চা-বাগান এলাকায় বিজিবি একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় অভিযানিক দল ওই এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪৮টি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক (হাই পাওয়ার জেল),  নন-ইলেকট্রিক ১০০টি ডেটোনেটর এবং ১১টি ফিউজ উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত বিস্ফোরক দ্রব্যাদির উৎস ও মালিকানা শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় বিশেষ টহল, তল্লাশি ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি চোরাচালান, অবৈধ অস্ত্র ও বিস্ফোরক পাচারসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির এ ধরনের অভিযান ও তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) শীর্ষ এই কর্মকর্তা।

এদিকে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চলতি বছরের অক্টোবর মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে মাদক, আগ্নেয়াস্ত্র¿সহ সর্বমোট ২৭৩ কোটি ৩৭ লক্ষ ৬৫ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করতে সক্ষম হয়েছে।

তিনি জানান, জব্দকৃত চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে- ১ কেজি ৪৩৫ গ্রাম স্বর্ণ, ১৩ হাজার ৭৭৮টি শাড়ী, ৫ হাজার ৯৭৬টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ২ হাজার ২৮টি তৈরি পোশাক, ৪ হাজার ৩৫১ মিটার থান কাপড়, ১ হাজার ৩২৫টি ইমিটেশন গহনা, ২ লাখ ৭৬ হাজার ৯৮টি কসমেটিক্স সামগ্রী, ২২ লাখ ৪৩ হাজার ২৫৭ পিস আতশবাজি, ৫ হাজার ৭২৫ ঘনফুট কাঠ, ১ লাখ ৬৯ হাজার ৪৫৮ কেজি কয়লা ১ হাজার ১২১ ঘনফুট পাথর, ৩ হাজার ৪৬২ কেজি চা পাতা, ১ হাজার ৬৮৫ কেজি সুপারি, ৩৮১টি মোবাইল, ১৫ হাজার ৪৮পিস মোবাইলের ডিসপ্লে, ১২ হাজার ৫৭৮ পিস মোবাইলের যন্ত্রাংশ, ৯৮ হাজার ৮০০পিস জিলেট ব্লেড, ২৬ হাজার ৬৭৩টি চশমা, ২ লাখ ১৮ হাজার ২৩৩ প্যাকেট চকলেট, ২৩০ প্যাকেট বিভিন্ন প্রকার বীজ, ৩৪০ কেজি বাংলাদেশী পাট, ৩৩ হাজার ৬৯১ কেজি জিরা, ৮ হাজার ৫৪৪ কেজি রসুন, ৬ হাজার ৫৪৭ কেজি চিনি, ১২ হাজার ১৪২ কেজি সার, ১০ লাখ ১০ হাজার ৮০০ কেজি কারেন্ট জাল, ২১ লাখ ৬৮ হাজার ৫০০ লিটার ভোজ্য তেল, ৪০ হাজার পিস ইলেকট্রিক রেজিস্টান/চিকিৎসা সামগ্রী, ১ হাজার ৩৪৭ প্যাকেট কীটনাশক, ২ লাখ ৮৫ হাজার ৩৪ পিস বিভিন্ন প্রকার ঔষুধ, ১০টি কষ্টি/ বেলে পাথর, ৮টি ট্রাক/কাভার্ড ভ্যান, ১৩টি পিকআপ, ৮টি প্রাইভেটকার/মাইক্রো, ৪৯টি সিএনজি/ইজিবাইক/অটোরিক্সা/ঠেলাগাড়ি, ৭৩টি মোটরসাইকেল এবং ২০টি বাইসাইকেল/ভ্যান ও ৩৬টি নৌকা। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- ১টি এসএমজি, ৬টি দেশী/বিদেশী পিস্তল, ৫টি অন্যান্য অস্ত্র, ৭টি ম্যাগাজিন, ১২০ রাউন্ড গোলাবারুদ এবং ১৯টি ককটেল।

বিজিবি’র জনসংযোগ কর্মকর্তা আরও জানান, এছাড়াও গত মাসে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে- ৪০ লাখ ৪৫ হাজার ৪১২ পিস ইয়াবা ট্যাবলেট, ৯৪১ গ্রাম হেরোইন, ১ হাজার ২০১ বোতল ফেনসিডিল, ৮ কেজি ৯৭ গ্রাম ক্রিাস্টাল মেথ আইস, ১১ হাজার ৩০৭ বোতল বিদেশী মদ, ২৭৯.৫ লিটার বাংলা মদ, ১ হাজার ৮৪৭ ক্যান বিয়ার, ১ হাজার ৫৬৪ কেজি গাঁজা, ৫ হাজার ১০৯ বোতল ইস্কাফ সিরাপ, ৫ হাজার ৮৯৬ বোতল বিভিন্ন প্রকার সিরাপ, ৪ হাজার ৭০০ পিস এ্যানেগ্রা/স্যানেগ্রা ট্যাবলেট, ১ লাখ ৬০ হাজার ৫১৭ প্যাকেট বিড়ি ও সিগারেট এবং ২ লাখ ৮৩ হাজার ৩৪৪টি বিভিন্ন প্রকার নেশাজাতীয় ট্যাবলেট।

সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২১৯ জন চোরাচালানী এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১১৪ জন বাংলাদেশী নাগরিক, ০৭ জন ভারতীয় নাগরিক ও ৩৫০ জন মায়ানমার নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেশের সীমান্ত এলাকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ বন্ধসহ চোরাচালানী বন্ধে বিজিবি’র বিভিন্ন ব্যাটালিয়নের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম। 
 

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL