সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলএসডিতে (খাদ্যগুদাম) ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিবর্তন ও নতুন কর্মকর্তা পদায়নকে কেন্দ্র করে খাদ্য বিভাগের সংশ্লিষ্টদের মধ্যে নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে। রাজশাহী বিভাগের আওতাধীন এ প্রতিষ্ঠানে ঢাকা বিভাগ থেকে কর্মকর্তা এনে পদায়নের সিদ্ধান্তের কারণ নিয়ে অসন্তোষ ও কৌতূহল দেখা দিয়েছে সংশ্লিষ্ট মহলে।
দাপ্তরিক সূত্রে জানা গেছে, চান্দাইকোনা এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা তন্ময় বিশ্বাসের পরিবর্তনসংক্রান্ত স্মারক নম্বর ১৩.০১.০০০০.০৩১.১৯.০১৯.২২-৭১৬। অন্যদিকে, ঢাকা বিভাগের খাদ্য পরিদর্শক শামীমা সিরাজকে চান্দাইকোনা এলএসডিতে পদায়নের আদেশের স্মারক নম্বর ১৩.০১.০০০০.০০০.১৯.০০৮৩.১৯.১৯৬২।
এ ঘটনায় সংশ্লিষ্টদের মধ্যে মূলত একটি প্রশ্ন সামনে এসেছে—রাজশাহী বিভাগে উপযুক্ত কর্মকর্তা থাকা সত্ত্বেও ঢাকা বিভাগ থেকে কর্মকর্তা এনে পদায়নের সিদ্ধান্ত কেন নেওয়া হলো? এ ক্ষেত্রে কী ধরনের প্রশাসনিক প্রয়োজনীয়তা বিবেচনায় নেওয়া হয়েছে, তা নিয়েও আলোচনা চলছে।
খাদ্য বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, সরকারি দপ্তরে বদলি ও পদায়নের ক্ষেত্রে প্রশাসনিক প্রয়োজনীয়তার পাশাপাশি অভিজ্ঞতা, দক্ষতা, নীতিমালা এবং আঞ্চলিক সমন্বয়ের বিষয়গুলো গুরুত্ব পাওয়া উচিত। তবে কোনো সিদ্ধান্তকে কেন্দ্র করে প্রশ্ন বা বিতর্ক তৈরি হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তার যথাযথ ব্যাখ্যা দেওয়া প্রয়োজন।
এদিকে, চান্দাইকোনা এলএসডিতে কর্মকর্তা পরিবর্তন ও নতুন পদায়নের প্রক্রিয়া নিয়ে খাদ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের স্পষ্ট বক্তব্য প্রত্যাশা করছেন সচেতন মহল। তাদের দাবি, সরকারি পদায়নের ক্ষেত্রে যেন কোনো ধরনের প্রশ্নের অবকাশ না থাকে, সে জন্য সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।