জয়পুরহাটের পাঁচবিবিতে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আজিজুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে পাঁচবিবি থানায় মামলা দায়ের করেছেন। পরে গ্রেপ্তার আজিজুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের মালিদহ গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আজিজুল ইসলাম ওই গ্রামের মো. ছলিম উদ্দীনের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটি অভিযুক্ত আজিজুলের সাত বছর বয়সী মেয়ের সঙ্গে খেলছিল। একপর্যায়ে আজিজুল নিজের মেয়েকে দোকানে পাঠিয়ে শিশুটিকে কৌশলে ঘরে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজনের দৃষ্টি আকৃষ্ট হয়। পরে শিশুটি সেখান থেকে পালিয়ে নিজ বাড়িতে গিয়ে তার মা ও স্থানীয়দের বিষয়টি জানায়।
এরপর শিশুটির পরিবারের সদস্য ও স্থানীয়রা অভিযুক্তের কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি কোনো জবাব না দিয়ে পালানোর চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ তাঁকে আটক করে। শিশুটির মা থানায় মামলা দায়ের করলে ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির পরিবার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তামবিরুল ইসলাম বলেন, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।