ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের ইন্তারঘাট এলাকায় অবস্থিত ধানকূঁড়া রিসোর্ট স্থায়ী ভাবে বন্ধের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ডাকাতিয়া ইউনিয়নের লোকজন বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার ইন্তারঘাট বাজারে ওই মানববন্ধনের আয়োজন করেন।
মানববন্ধনে বিক্ষুব্ধ এলাকাবাসিরা বলেন, দীর্ঘদিন ধরে ইন্তারঘাট এলাকায় ব্যক্তি মালিকানাধীন ধানকূঁড়া নামক রিসোর্টে মাদক, জুয়া, যৌনাচারসহ বিভিন্ন অবৈধ ও অসামাজিক কর্মকান্ড চলে আসছে। এসব অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ জানালেও রিসোর্ট কর্তৃপক্ষ এলাকাবাসির কথার তোয়াক্কা না করে বরং কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। রিসোর্ট কর্তৃপক্ষ যদি এসব অবৈধ কর্মকান্ড দ্রুত বন্ধ না করেন তাহলে সংশ্লিষ্ট প্রশাসনের মাধ্যমে স্থায়ী ভাবে রিসোর্ট বন্ধের দাবি জানিয়েছেন তারা।
মানববন্ধনে ডাকাতিয়া ইউনিয়নের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও ব্যবসায়িক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ওই মানববন্ধনে অংশ নেন।