টাঙ্গাইলের ভূঞাপুরে দুস্থ, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে সরকারি তহবিল থেকে প্রাপ্ত ৪৬০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় ভূঞাপুর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এসব শুকনো খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় মানুষের হাতে শুকনো খাবারের প্যাকেট তুলে দেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু।
এ সময় উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ ও উপকারভোগীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারি তহবিল থেকে প্রাপ্ত এসব খাদ্যসামগ্রী সমাজের অসহায় ও দুস্থ মানুষের সাময়িক খাদ্যসংকট মোকাবিলায় সহায়তা করবে। প্রয়োজনের সময় সরকারের পক্ষ থেকে এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।
পরে উপস্থিত অতিথিরা নির্বাচিত ৪৬০ জন দুস্থ ও অসহায় মানুষের হাতে শুকনো খাবারের প্যাকেট তুলে দেন। সরকারি সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।