সীমান্তে সর্বোচ্চ সতর্কতা

এসএম দেলোয়ার হোসেন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

★ গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ও সার্চলাইট স্থাপন
★ দূর্গম এলাকায় চলছে ড্রোন দিয়ে নজরদারি
★ দিন-রাত বিজিবি’র সঙ্গে পাহারায় স্থানীয়রা

“সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে”
— লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, অধিনায়ক, যশোর-৪৯ ব্যাটালিয়ন, বিজিবি 

“ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর সীমান্ত এলাকাগুলো চিহ্নিত করে নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলও জোরদার করা হয়েছে”
— লে. কর্নেল মোহাম্মদ নাসির উদ্দিন, অধিনায়ক, ময়মনসিংহ-৩৯ ব্যাটালিয়ন, বিজিবি

 

সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সহিংসতার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন শুরু হয়েছে। আগামী ডিসেম্বরে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণায় দেশের অভ্যন্তরে ছড়িয়ে ছিটিয়ে আত্মগোপনে থাকা তৃণমূলের নেতাকর্মীরা ক্রমেই সরব হয়ে উঠছে। তারা সামাজিক যোগাযোগমাধ্যম ও এআই প্রযুক্তি ব্যবহার করে গুজবও ছড়াচ্ছে বলে অভিযোগ রয়েছে। তবে ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের লগি-বৈঠার তাণ্ডব এবার ২০ বছর পর গোপালগঞ্জে দেখল দেশবাসী। সেখানের উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমানে ৫৫ প্লাটুন বিজিবি ও ১৫ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া গতকাল সোমবার দেশের ৮ জেলায় জানমালের নিরাপত্তা রক্ষায় ৯৮ প্লাটুন বিজিবি’র পামাপাশি ৯ জেলায় ৫৭ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। এরই মধ্যেই বিজিবিকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য বা গুজব ছড়ানো হচ্ছে বলে দাবি করেছে বিজিবি সদর দপ্তর। সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ ভারতে পলাতক আওয়ামী লীগ নেতাদের বেনাপোল সীমান্ত পরিদর্শনের গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।  এবং চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে সীমান্তের ওপারে সমাবেশকে কেন্দ্র করে যশোরের বেনাপোল ও ময়মনসিংহসহ আশপাশের সীমান্ত এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ পরিস্থিতিতে সীমান্তে সতর্ক পাহারায় নেমেছেন স্থানীয় বাসিন্দারাও। গতকাল সোমবার (২৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বিজিবির এক সদস্যকে বলতে শোনা যায়, ‘দরকার হলে কফিনের বক্স খুলে দেখবো হাসিনার মাথা কিনা।’ এমন পরিস্থিতিতে অনাকাঙ্খিত ঘটনা এড়াতে দেশের স্পর্শকাতর বা ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে বিজিবি। গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হচ্ছে সিসিটিভি ও সার্চলাইট। অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে সীমান্তের দূর্গম এলাকায় ড্রোন দিয়ে সন্দেহভাজনদের গতিবিধির ওপর নজরদারি বাড়ানো হচ্ছে। পাশাপাশি বিজিবি’র সঙ্গে সীমান্তবর্তী এলাকার স্থানীয় জনসাধারণকেও সম্পৃক্ত করে দিনরাত পালাক্রমে টহল বাড়ানো হয়েছে। বিজিবি’র কর্মকর্তারা বলছেন, ভারতে পলাতকরা সীমান্ত এলাকা দিয়ে দেশে অনুপ্রবেশের চেষ্টা করলেই গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

খোঁজ নিয়ে জানা যায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারির পাশাপাশি ঢাকাসহ দেশের ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি ও ৯ জেলায় ৫৭ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। গত রোববার সন্ধ্যা থেকেই হঠাৎ করেই যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়। সেখানে অতিরিক্ত বিজিবি সদস্যদের পাশাপাশি স্থানীয় লোকজনকেও সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সরকার সমর্থিত ক্ষমতাসীন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সংশ্লিষ্ট এলাকার স্থানীয় তৃণমূলের নেতাকর্মীরা। তারা পালাক্রমে দিবারাত্রি ২৪ ঘন্টাই প্রহরায় থাকছেন। 


সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ভিডিওতে দেখা যায়, বেনাপোল সীমান্তসংলগ্ন একটি সড়কে বিজিবি সদস্যদের সঙ্গে অবস্থান করছেন স্থানীয় লোকজন। এ সময় শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনকে সীমান্তে সতর্ক পাহারা নিয়ে বিজিবি সদস্যদের বিভিন্ন পরামর্শ দিতে দেখা যায়। একপর্যায়ে এক বিজিবি সদস্যকে বলতে শোনা যায়, ‘দরকার হলে কফিনের বক্স খুলে দেখবো হাসিনার মাথা কিনা।’ এ দিকে সীমান্তে কোনও ব্যক্তি যাতে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে কিংবা ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।


বিজিবির যশোর-৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, অবৈধ পথে কেউ যাতে দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় সন্দেহজনক চলাচল, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সব সময় তৎপর রয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা ও সার্চলাইট স্থাপন করা হয়েছে। রাতে টহলের সময় পোর্টেবল সার্চলাইট ব্যবহার করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী ড্রোন দিয়েও নজরদারি করা হচ্ছে। প্রয়োজনে স্থানীয় জনগণের সম্পৃক্ততায় দিন-রাত সীমান্তে টহল আরও বাড়ানো হবে বলেও জানান তিনি।

বিজিবির এ অধিনায়ক বলেন, সীমান্ত এলাকার অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্তে কোনও অনিয়ম, অবৈধ অনুপ্রবেশ কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে সঠিক তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।


অন্যদিকে, কোনও বিতর্কিত, পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হবে হুঁশিয়ারি দিয়েছে বিজিবি। বাংলাদেশের সীমান্ত দিয়ে কোনও ব্যক্তি বা গোষ্ঠী যাতে অবৈধভাবে প্রবেশ কিংবা দেশত্যাগ করতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ময়মনসিংহ-৩৯ ব্যাটালিয়নের (সেক্টরের সেক্টর) অধিনায়ক কর্নেল মোহাম্মদ নাসির উদ্দিন। গতকাল সোমবার ময়মনসিংহ সেক্টর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে তিনি এসব কথা বলেন।

কর্নেল মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, দেশের সার্বভৌমত্ব, সীমান্ত নিরাপত্তা এবং মানুষের জানমাল রক্ষায় বিজিবি সব সময় কঠোর অবস্থানে রয়েছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন, চোরাচালান ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। তিনি বলেন, ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর সীমান্ত এলাকাগুলো চিহ্নিত করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ময়মনসিংহ সেক্টরের অধীনে ২৪২ দশমিক ৫ কিলোমিটার সীমান্ত এলাকায় তিনটি ব্যাটালিয়ন দায়িত্ব পালন করছে। সীমান্তে নজরদারি বাড়াতে সিসিটিভি ক্যামেরা, সার্চলাইট, নাইট ভিশন ডিভাইস ও ড্রোন ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলও জোরদার করা হয়েছে। এছাড়া নজরদারি বাড়াতে অতিরিক্ত ৬৫টি সিসিটিভি ক্যামেরা ও ৩৩টি সার্চলাইট স্থাপনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ডিজিএফআই, এনএসআই ও পুলিশের সঙ্গে গোয়েন্দা সমন্বয় বাড়ানো হয়েছে।


বিজিবির দেয়া তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে ১১টি ঘটনায় ১৪১ জনকে পুশ-ইন থেকে প্রতিহত করা হয়েছে। এ ছাড়া চারজন মানব পাচারকারীকে আটক এবং ১৩ জনকে পাচারের হাত থেকে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ৭০ জন মাদক চোরাকারবারিকে আটক করে আইনের আওতায় আনা হয়েছে।

সীমান্তের নিরাপত্তা রক্ষায় স্থানীয় জনগণকে সহযোগিতার আহ্বান জানিয়ে বিজিবি সেক্টর কমান্ডার আরও বলেন, কোনও সন্দেহভাজন ব্যক্তি কিংবা অবৈধ অনুপ্রবেশের চেষ্টা চোখে পড়লে দ্রুত বিজিবিকে জানাতে হবে। দেশের সার্বভৌমত্ব ও মানুষের জানমাল রক্ষায় সীমান্তে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।


এদিকে, বিজিবি ও আনসার ব্যাটালিয়ন আলাদা বিবৃতিতে জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে দেশের সীমান্তসহ স্পর্শকাতর জেলাগুলোতে জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসকের নির্দেশে অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে সংস্থা দুটির সদস্যরা। এর মধ্যে দেশের ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি ও ৯ জেলায় ৫৭ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যেই সম্প্রতি গোপালগঞ্জে লগি-বৈঠার তাণ্ডবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোপালগঞ্জে ৫৫ প্লাটুন বিজিবি ও ১৫ প্লাটুন আনসার বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।  

উল্লেখ্য, গত রোববার (২২ নভেম্বর) বেনাপোল সীমান্তের বিপরীতে ভারতের পেট্রাপোলে বাংলাদেশের আটক সনাতনী সম্প্রদায়ের নেতা চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে সমাবেশ করে হিন্দু সুরক্ষা সমিতি ও মতুয়া সম্প্রদায়ের কয়েকটি সংগঠন। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, সমাবেশে পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া এবং বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারসহ কয়েকজন রাজনৈতিক নেতা উপস্থিত ছিলেন।

ভারতীয় গণমাধ্যমের বরাতে আরও জানা গেছে, সমাবেশের পর ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বাহাউদ্দিন নাছিম ও সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন নাসিম পেট্রাপোল সীমান্ত পরিদর্শন করেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এছাড়া বিজিবিকে জড়িয়ে বিভিন্নভাবে অপতথ্য বা গুজব ছাড়ানো হচ্ছে বলেও বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় দাবি করা হয়।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL