ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) বলেছেন, শ্রমিকরা সব আমলেই বঞ্চিত ও নির্যাতিত থেকেছে। তাদের অধিকার নিশ্চিত করতে রাষ্ট্রীয়ভাবে শ্রমিকদের জন্য বিশেষ কার্ড চালুর উদ্যোগ নেওয়া উচিত।
শুক্রবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে ইসলামী শ্রমিক আন্দোলন আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শ্রমিকদের জন্য রাষ্ট্রীয় কার্ড চালু করা হলে সেই কার্ডের মাধ্যমে চিকিৎসা, খাদ্য ও আবাসনের মতো মৌলিক সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে। একইসঙ্গে প্রাথমিক বিদ্যালয়ে কওমি মাদরাসা থেকে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানান তিনি। দেশে ‘জঙ্গি নাটক’ তৈরি করা হচ্ছে অভিযোগ করে এ ধরনের কার্যক্রম বন্ধেরও আহ্বান জানান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ইসলামের স্বার্থে তাদের দল অতীতে কোনো সমঝোতায় যায়নি। অন্য দলগুলো গোপন সমঝোতায় লিপ্ত হলেও ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রকাশ্য ও স্বচ্ছ রাজনীতি করেছে বলে দাবি করেন তিনি। ইসলামের জন্য ক্ষমতা ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও মন্তব্য করেন।
বর্তমান সংসদে ‘মুক্তিযুদ্ধ বনাম রাজাকার’ বিতর্ক পুনরায় উত্থাপনকে বিভ্রান্তিকর উল্লেখ করে তিনি বলেন, বিরোধী দলকে স্পষ্ট করতে হবে তারা শরীয়াহভিত্তিক রাষ্ট্রব্যবস্থার পক্ষে নাকি প্রচলিত ব্যবস্থার পক্ষে। তার দলের অবস্থান ইসলামী শরীয়াহর পক্ষে বলে তিনি উল্লেখ করেন।
সমাবেশে দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, তারা শরীয়াহকে প্রাধান্য দিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন এবং এ বিষয়ে কোনো আপস করেননি। তিনি অভিযোগ করেন, ইসলামী সংগঠনের নামে অনভিপ্রেত কিছু কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, সরকার নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে। ‘জুলাই সনদ’ নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও রাষ্ট্রীয় স্থিতিশীলতা ফিরিয়ে আনার পাশাপাশি শ্রমিকদের সুযোগ-সুবিধা বাড়ানোর দাবি জানান।
সহকারী মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, শ্রমিক দিবস পালিত হলেও বাস্তবে শ্রমিকদের অধিকার নিশ্চিত হয় না। ইসলামী শরীয়াহ প্রতিষ্ঠার মাধ্যমেই শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
এছাড়া বরগুনা-২ আসনের সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হাসান ওয়ালিউল্লাহ বলেন, ইসলাম শ্রমিকদের যে মর্যাদা দিয়েছে, তা অন্য কোনো ব্যবস্থায় সম্ভব হয়নি। তাই ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সবুজ বাংলা ডিজিটাল রিপোর্ট 












