ভারত এই প্রথমবারের মতো ১১টি বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশকে নিয়ে বহুজাতিক সামরিক মহড়ার আয়োজন করতে যাচ্ছে। তবে অংশগ্রহণকারী দেশগুলোর তালিকায় নেই বাংলাদেশ।
আগামী ১৮ মে থেকে ৩১ মে পর্যন্ত ভারতের মেঘালয় রাজ্যে অনুষ্ঠিত হবে ‘প্রগতি’ নামের এই মহড়া। এতে অংশ নিচ্ছে লাওস, মিয়ানমার, ভিয়েতনাম, সেশেলস, শ্রীলঙ্কা, ফিলিপাইন, নেপাল, মালদ্বীপ, মালয়েশিয়া, কম্বোডিয়া এবং ভুটান।
ভারতীয় সেনাবাহিনীর জনতথ্য বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় জানিয়েছে, এই মহড়ার লক্ষ্য আঞ্চলিক দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করা। বিশেষ করে বিদ্রোহ দমন ও সন্ত্রাসবাদবিরোধী অভিযানে যৌথ প্রশিক্ষণ এবং সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বার্তায় আরও বলা হয়, প্রতিবেশী ও ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে ভারতের ক্রমবর্ধমান প্রতিরক্ষা সম্পৃক্ততার অংশ হিসেবেই এই মহড়া আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে অংশগ্রহণকারী দেশগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং যৌথ অভিযানের দক্ষতা উন্নয়ন করা হবে।
নিরাপত্তা বিশ্লেষকদের মতে, অতীতে যেখানে ভারত এক বা দুই দেশের সঙ্গে সীমিত পরিসরে মহড়া চালাত, সেখানে এবার একসঙ্গে ১১টি দেশের অংশগ্রহণ বহুপক্ষীয় সামরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করছে। এটি এশিয়া অঞ্চলে একটি সমন্বিত প্রতিরক্ষা কাঠামো গড়ে তোলার প্রচেষ্টার ইঙ্গিত বলেও মনে করছেন তারা।
সব মিলিয়ে, ‘প্রগতি’ মহড়া আঞ্চলিক প্রতিরক্ষা কূটনীতিতে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
শু/সবা
সবুজ বাংলা আন্তর্জাতিক ডেস্ক 













