তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করা, সুস্থ-সুন্দর জীবন গঠন এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষে সারা দেশের ন্যায়ে জয়পুরহাটের পাঁচবিবিতে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩ টায় পাঁচবিবি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে খেলার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন। একই সময়ে সারাদেশের কোমলমতি শিশু-কিশোর ও শিক্ষার্থীদের উদ্দেশে আয়োজিত অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তরুণ কুমার পাল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাসান আলী, পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তামবিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আ. হান্নান চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, সমাজসেবা কর্মকর্তা শামসুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার জহুরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান এবং আনসার ও ভিডিপি কর্মকর্তা আসাদুজ্জামান আসাদসহ ৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, ক্রীড়া সংগঠক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্বপ্নের পথে, বিজয়ের সাথে’ প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন কুঁড়ি স্পোর্টসের এ আয়োজনের মূল লক্ষ্য হলো শিশু-কিশোর ও তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা। এর মাধ্যমে তাদের শারীরিক ও মানসিক বিকাশ, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলাবোধ এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলার পাশাপাশি মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।