ভালুকায় শ্রমিক অসন্তোষ নিরসনে বৃহস্পতিবার (৫ নভেম্বর) কারখানার মালিক প্রতিনিধিদের সঙ্গে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত ওই সভায় উপস্থিত ছিলেন ভালুকা আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। তিনি বলেন, পোশাক কারখানার বর্তমান পরিস্থিতিতে সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে সমন্বিত ভাবে কাজ করতে হবে। এছাড়া ময়মনসিংহ ইন্ডাষ্ট্রিয়াল পুলিশ-৫ এর পুলিশ সুপার আনছার উদ্দিন শ্রমিক অসন্তোষ নিরসনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। সভায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ইউএনও ফিরোজ হোসেন, ময়মনসিংহ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক রাজীব চন্দ্র ঘোষসহ ময়মনসিংহ শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানার মালিক প্রতিনিধিগণ। অন্যদিকে বৃহস্পতিবার ভোরে উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেন। তবে ভোর থেকে ভালুকার কোনো কারখানায় শ্রমিক আন্দোলন কিংবা নাশকতার খবর পাওয়া যায়নি।