ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের ওপর পুলিশের লাঠিচার্জ

অর্থনৈতিক প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:


চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করতে গেলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে সচিবালয়ের সামনে এ ঘটনা ঘটে।
লাঠিচার্জে আব্দুল ওয়াজেদ, আনোয়ারুল আমিন রাসেল, মো. রাশেদ ও মো. এরশাদসহ অন্তত ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন বলে আন্দোলনকারীরা জানিয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
এর আগে চাকরিতে পুনর্বহালের দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল থেকেই রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর এলাকায় অবস্থান নেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। পরে তারা সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করেন। সচিবালয়ের সামনে পৌঁছানোর পর পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হলে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে।
এ সময় আন্দোলনকারীরা ‘দফা এক, দাবি এক, চাকরি ফেরত চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।
চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের দাবি, দীর্ঘদিন ইসলামী ব্যাংকে চাকরি করার পর তাদের অনেককে কোনো নোটিশ বা যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেই চাকরিচ্যুত করা হয়েছে। তাদের দাবি, চাকরিতে পুনর্বহালের পাশাপাশি প্রাপ্য পদোন্নতি ও অন্যান্য সুযোগ-সুবিধাও দিতে হবে।
আন্দোলনকারীরা জানান, এর আগে তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে স্মারকলিপি দিয়েছেন। তবে তাদের সঙ্গে প্রত্যাশিতভাবে আলোচনা হয়নি বলে অভিযোগ করেন তারা। এ কারণে দাবি আদায় না হওয়া পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
এর আগে গত ১৪ সেপ্টেম্বর রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারী ও ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর সদস্যদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন।
ওই ঘটনার পর চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন এবং এক দফা দাবি হিসেবে চাকরিতে পুনর্বহালের দাবি জানান।
চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা বলছেন, তাদের মূল দাবি চাকরিতে পুনর্বহাল। দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন তারা।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL