জুলাইয়ে নতুন প্ল্যাটফর্মে চালু হচ্ছে আইআইপিএস

এসএম দেলোয়ার হোসেন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:


★ গেটস ফাউন্ডেশনের কারিগরি সহায়তায় তৈরি হবে প্ল্যাটফম
★  ‘মোজালোফ’ উদ্যোগের আওতায় ব্যবহার হবে উন্মুক্ত সফটওয়্যার 
★ যুক্ত হবে সব আর্থিক প্রতিষ্ঠান, গ্রাহরা লেনদেন করতে পারবেন সরাসরি

“দেশের মোট জিডিপি’র প্রায় ৬ শতাংশ আসে প্রবাসীদের পাঠানো অর্থ থেকে। আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সরাসরি লেনদেনের সুযোগ তৈরি হলে দেশে রেমিট্যান্স বিতরণ আরও দ্রুত ও সহজ হবে”
— ড. জায়েদী সাত্তার, চেয়ারম্যান, পিআরআই

“আর্থিক খাতের সব প্রতিষ্ঠানকে একটি অভিন্ন ব্যবস্থার আওতায় নিয়ে আসাই আইআইপিএসের মূল লক্ষ্য। এ ব্যবস্থা কার্যকর হলে নগদ টাকা উত্তোলন এবং অর্থ স্থানান্তরের প্রয়োজনীয়তা কমে আসবে”
— মো. সিরাজুল ইসলাম, নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক

 

দেশের ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে নির্বিঘ্নে অর্থ লেনদেন নিশ্চিত করতে অভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ‘ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম’ (আইআইপিএস) নামের এ ব্যবস্থা আগামী বছরের জুলাইয়ে চালুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নতুন এ প্ল্যাটফর্ম চালু হলে গ্রাহকরা যেকোনো অংশগ্রহণকারী ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে থাকা নিজের হিসাব কিংবা মোবাইল ওয়ালেট ব্যবহার করে সরাসরি অর্থ পাঠাতে ও গ্রহণ করতে পারবেন। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে অর্থ স্থানান্তরের জন্য আলাদা নেটওয়ার্কের ওপর নির্ভরশীলতা কমবে। পাশাপাশি ব্যক্তি পর্যায়ের লেনদেন থেকে শুরু করে ব্যবসায়িক কার্যক্রম ও সরকারি অর্থ বিতরণও সহজ হবে। বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ বলছে, আর্থিক খাতের সব প্রতিষ্ঠানকে একটি অভিন্ন ব্যবস্থার আওতায় নিয়ে আসাই আইআইপিএসের মূল লক্ষ্য। এ ব্যবস্থা কার্যকর হলে নগদ টাকা উত্তোলন এবং অর্থ স্থানান্তরের প্রয়োজনীয়তা কমে আসবে।

বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশে আন্তঃব্যাংক ডিজিটাল লেনদেনের অবকাঠামো হিসেবে ২০১২ সাল থেকে কাজ করছে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি)। এর মাধ্যমে অংশগ্রহণকারী ব্যাংকগুলোর মধ্যে এটিএম, পয়েন্ট অব সেল (পিওএস) এবং ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেনের সুযোগ রয়েছে। তবে বিদ্যমান অবকাঠামোয় সব ধরনের আর্থিক প্রতিষ্ঠানকে একই নেটওয়ার্কে যুক্ত করা সম্ভব হয়নি। বিশেষ করে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান এবং ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বিত লেনদেনের ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়ে গেছে।

এর আগে ব্যাংক, মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের মধ্যে আন্তঃসংযোগের মাধ্যমে লেনদেন চালুর নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। ওই ব্যবস্থায় ভ্যাটসহ সর্বোচ্চ লেনদেন মাশুল ব্যাংকের জন্য শূন্য দশমিক ১৫ শতাংশ, মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের জন্য শূন্য দশমিক ২০ শতাংশ এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের জন্য শূন্য দশমিক ৮৫ শতাংশ নির্ধারণ করা হয়েছিল। একই সঙ্গে অর্থ গ্রহণকারীর কাছ থেকে কোনো মাশুল না নেওয়ার নির্দেশনা ছিল। কিন্তু কয়েকটি বড় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ওই ব্যবস্থায় অংশ না নেওয়ায় উদ্যোগটি প্রত্যাশিত সাফল্য পায়নি।

সূত্র জানায়, গেটস ফাউন্ডেশনের কারিগরি সহায়তায় আইআইপিএস প¬্যাটফর্ম তৈরি করা হবে। এ জন্য ফাউন্ডেশনের ‘মোজালোফ’ উদ্যোগের আওতায় তৈরি উন্মুক্ত সফটওয়্যার ব্যবহার করা হবে। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত ডিজিটাল লেনদেন নিশ্চিত করার লক্ষ্যেই এ সফটওয়্যার তৈরি করা হয়েছে। আইআইপিএস চালু হলে ব্যক্তি থেকে ব্যক্তিতে অর্থ পাঠানো, ব্যবসায়িক লেনদেন, দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে মূল্য পরিশোধ এবং সরকারি অর্থ বিতরণসহ বিভিন্ন ধরনের লেনদেন করা যাবে। প্রয়োজনীয় পরিচালনাগত কাঠামো, অর্থ নিষ্পত্তি ও নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে তাৎক্ষণিক অর্থ স্থানান্তরের সুযোগ তৈরি হবে।

বাংলাদেশ ব্যাংকের আশা, নতুন আইআইপিএস চালুর মাধ্যমে বিদ্যমান সীমাবদ্ধতা দূর করে আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোর মধ্যে ব্যাপক আন্তঃসংযোগ প্রতিষ্ঠা করা সম্ভব হবে। আইআইপিএসের সম্ভাব্য ব্যবহার শুধু দেশের অভ্যন্তরীণ লেনদেনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আন্তর্জাতিক রেমিট্যান্স বিতরণেও এ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আইআইপিএস চালুর ফলে ব্যক্তি পর্যায়ের গ্রাহকদের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও সরকারি কার্যক্রমেও ইতিবাচক পরিবর্তন আসতে পারে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক।

গত জুলাইয়ে গেটস ফাউন্ডেশনের সহায়তায় পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআরআই) ‘বাংলাদেশে ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম (আইআইপিএস) বিশ্লেষণ এবং আন্তঃসীমান্ত রেমিট্যান্সের ব্যবহার’ শীর্ষক একটি গবেষণা উদ্যোগ শুরু করে। এ গবেষণায় নীতিনির্ধারক, কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা, আর্থিক খাতের প্রতিনিধি ও গবেষকরা অংশ নেন। আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো, রেমিট্যান্স পাঠানোর ব্যয় কমানো এবং আনুষ্ঠানিক আর্থিক চ্যানেলে অর্থের প্রবাহ বাড়ানোর ক্ষেত্রে আইআইপিএসের সম্ভাবনা নিয়ে সেখানে আলোচনা হয়।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে আইআইপিএস দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থায় বড় পরিবর্তন আনবে। এতে অর্থ স্থানান্তর আরও সহজ, দ্রুত ও সাশ্রয়ী হওয়ার পাশাপাশি আর্থিক খাতে স্বচ্ছতা বাড়বে এবং প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার বাইরে থাকা আরও বেশি মানুষ আনুষ্ঠানিক আর্থিক সেবার আওতায় আসবেন। আগামী বছরের জুলাইয়ে এটি চালুর লক্ষ্যমাত্রা দেশের আর্থিক খাতের ডিজিটাল রূপান্তরে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

এদিকে, সাম্প্রতিক বছরগুলোতে মোবাইল আর্থিক সেবা, ইন্টারনেট ব্যাংকিং, ইলেকট্রনিক অর্থ স্থানান্তর এবং কিউআর কোডভিত্তিক লেনদেনের প্রসারের কারণে দেশে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার বিস্তৃতি ঘটেছে। তবে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত নেটওয়ার্কের অভাবে নির্বিঘ্নে লেনদেনের ক্ষেত্রে এখনও প্রতিবন্ধকতা রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী, একটি অভিন্ন প্ল্যাটফর্ম চালু হলে এসব সীমাবদ্ধতা কাটিয়ে আরও সহজ, দ্রুত ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে। তবে আইআইপিএসের সাফল্য নির্ভর করবে বড় আর্থিক প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ, প্রযুক্তিগত নির্ভরযোগ্যতা, লেনদেনের নিরাপত্তা, সাশ্রয়ী মাশুল এবং ডিজিটাল আর্থিক সেবার প্রতি গ্রাহকদের আস্থার ওপর।

গবেষকদের মতে, আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সরাসরি লেনদেনের সুযোগ তৈরি হলে দেশে রেমিট্যান্স বিতরণ আরও দ্রুত ও সহজ হবে। অনুমোদিত আন্তর্জাতিক রেমিট্যান্স নেটওয়ার্কের সঙ্গে আইআইপিএস যুক্ত করা গেলে প্রবাসীদের পাঠানো অর্থ দ্রুত এবং তুলনামূলক কম খরচে উপকারভোগীদের ব্যাংক হিসাব কিংবা মোবাইল ওয়ালেটে পৌঁছানো সম্ভব হবে। তবে এ ধরনের আন্তঃসীমান্ত লেনদেন চালু করতে আন্তর্জাতিক অংশীদারত্ব, বৈদেশিক মুদ্রা-সংক্রান্ত বিধিবিধান, অর্থ নিষ্পত্তির ব্যবস্থা এবং অনুমোদিত বিদেশি নেটওয়ার্কের সঙ্গে প্রয়োজনীয় সংযোগ নিশ্চিত করতে হবে।

পিআরআই চেয়ারম্যান গবেষক ড. জায়েদী সাত্তার বাংলাদেশের অর্থনীতিতে রেমিট্যান্সের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৬ শতাংশ আসে প্রবাসীদের পাঠানো অর্থ থেকে। এ অর্থ আনুষ্ঠানিক আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে দেশে আনা এবং উৎপাদনশীল বিনিয়োগে ব্যবহারের ওপর তিনি গুরুত্ব দেন।

এদিকে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, আগের ব্যবস্থাটি প্রত্যাশা অনুযায়ী কার্যকর হয়নি। এ কারণে আর্থিক খাতের সব প্রতিষ্ঠানকে যুক্ত করতে আরও সমন্বিত প্রযুক্তিগত কাঠামো গড়ে তোলার প্রয়োজন দেখা দিয়েছে। তিনি বলেন, ডিজিটাল লেনদেনের পরিমাণ বাড়লে কাগুজে নোট ছাপানো, পরিবহন, সংরক্ষণ ও ব্যবস্থাপনায় সরকারের ব্যয় কমবে। অন্যদিকে, ব্যবসায়ীরা নগদ অর্থ ব্যবস্থাপনার খরচ কমানোর পাশাপাশি হিসাব সংরক্ষণে স্বচ্ছতা এবং দ্রুত লেনদেনের সুবিধা পাবেন। সরকারও বেতন-ভাতা, ভর্তুকি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির অর্থ ডিজিটাল পদ্ধতিতে সহজে উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে পারবে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক বলেন, আর্থিক খাতের সব প্রতিষ্ঠানকে একটি অভিন্ন ব্যবস্থার আওতায় নিয়ে আসাই আইআইপিএসের মূল লক্ষ্য। এর ফলে গ্রাহকরা আর নির্দিষ্ট কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের নেটওয়ার্কের মধ্যে সীমাবদ্ধ থাকবেন না। যেকোনো অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি লেনদেন করতে পারবেন। তিনি বলেন, এ ব্যবস্থা কার্যকর হলে পর্যায়ক্রমে নগদ টাকা উত্তোলন এবং এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে অর্থ স্থানান্তরের প্রয়োজনীয়তা কমে আসবে।

 

 

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL