★ সারাদেশে বিচারাধীন ৩১ হাজার ২০টি মামলা
★ ঢাকায় ১৫,১৪৮টি; গাজীপুরে ৭,২৯৩টি মামলা বিচারাধীন
★ নারায়ণগঞ্জে ২,৭৪৫টি; শ্রম আপিল ট্রাইব্যুনালে বিচারাধীন ২,২৩১টি
★ চট্টগ্রামে এখনও বিচারাধীন রয়েছে ৮৮৫টি মামলা
★ মামলা নিষ্পত্তিতে ৬০ কর্মদিবস হলেও দেড়যুগেও হয়নি সমাধান
★ আদালতের বারান্দায় যাতায়াতে হতাশ বিচারপ্রার্থীরা
“মামলা ফাইলিং যেদিন হয়, সেদিন থেকে মামলার তারিখই পড়ে যায় ৩ থেকে ৪ মাস পর। পরে মালিক উপস্থিত হয়, জবাব দিতে আরও কিছু সময় লাগে। এতে দীর্ঘসূত্রিতা তৈরি হয়ে যাচ্ছে”
— সুলতান মাহমুদ, প্রতিনিধি, বিদেশি আইনি সহায়তা সংস্থা
“যেসব জায়গায় মামলার সংখ্যা বেশি, সেসব জায়গায় নতুন আরও কিছু আদালত স্থাপন করা যায় কি না! এটা করলে বিচারপ্রার্থীরা আরও দ্রুত ন্যায় বিচার পাবেন”
— মুহাম্মদ মহসীন মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক, শ্রম আদালত আইনজীবী সমিতি
সারা দেশের ১৩টি শ্রম আদালতে ৩১ হাজার ২০টি মামলা বিচারাধীন রয়েছে। ঢাকায় ১৫ হাজার ১৪৮টি, গাজীপুরে ৭ হাজার ২৯৩টি, নারায়ণগঞ্জে ২ হাজার ৭৪৫টি, শ্রম আপিল ট্রাইব্যুনালে ২ হাজার ২৩১টি ও চট্টগ্রামের শ্রম আদালতে এখনও বিচারাধীন রয়েছে ৮৮৫টি মামলা। এসব মামলার নিষ্পত্তির হার অর্ধেকেরও কম। আইনে ৬০ কার্যদিবসে এ মামলার বিচার শেষ করার কথা থাকলেও কোনো কোনো মামলা ঝুলে আছে দেড় যুগ ধরে। ভুক্তভোগীরা বলছেন, মামলার শুনানি বা রায়ের দিন-তারিখ ধার্য্য হলেও বিচারপ্রার্থীরা নিজেদের কর্মব্যস্ততা ফেলে আদালতের বারান্দায় দিনের পর দিন ঘুরতে ঘুরতে হতাশ ভুগছেন। তাদের বুকের ভেতর জমে থাকা কষ্ট আর নীরব চোখের জলে ভাসছে শ্রম আদালতের ন্যায় বিচার। বাদী-বিবাদীর মামলার কার্যক্রম নিয়ে কাজ করা বিদেশী সংস্থার প্রতিনিধিরা বলছেন, মামলা ফাইলিং যেদিন হয়, সেদিন থেকে মামলার তারিখই পড়ে যায় ৩ থেকে ৪ মাস পর। পরে মালিক উপস্থিত হয়, জবাব দিতে আরও কিছু সময় লাগে। এতে দীর্ঘসূত্রিতা তৈরি হয়ে যাচ্ছে। তবে শ্রম আদালতের আইনজীবীরা বলছেন, আদালতের সংখ্যা বাড়ালে কমে আসবে হয়রানি। তাদের মতে, যেসব জায়গায় মামলার সংখ্যা বেশি, সেসব জায়গায় নতুন আরও কিছু আদালত স্থাপন করা যায় কি না! এটা করলে বিচারপ্রার্থীরা আরও দ্রুত ন্যায় বিচার পাবেন।
খোঁজ নিয়ে জানা যায়, প্রায় ৬০ বছর বয়সী আকতার হোসেন। তিনি গাজীপুর থেকে প্রায়ই আসেন ঢাকার শ্রম আদালতে। মামলার ঘানি টানতে টানতে আজ তিনি ক্লান্ত-বিষন্ন, চোখে মুখে তার হতাশার ছাপ স্পষ্ট। কাজ করতেন বিদেশি প্রতিষ্ঠান শেভরন-এ। ২০১৫ সালে সেই প্রতিষ্ঠান থেকে তিনি চাকরিচ্যুত হন। এরপর তিনি তার পাওনা আদায়ে দ্বারস্থ হন শ্রম আদালতে। এক যুগ ধরে চলছে মামলার বিচারিক কার্যক্রম, তবে এখনও মিলছে না কোনো সুরাহা। ভুক্তভোগী আকতার হোসেন বলেন, আমি ১১ বছর চাকরি করেছি। এ দেশের মানুষ হয়ে, আমার কষ্টে দিন কাটাতে হয়। তাদের নিয়োগকৃত যারা আছে, তারা আরাম আয়েশ করে চলে আমাদের টাকায়। আকতার হোসেনের মতো শেভরনের ৩০০ কর্মীর মামলা চলছে ঢাকার শ্রম আদালতে। কোম্পানি বার বার সময় নেয়ায় শেষ হচ্ছে না মামলা। বিভিন্ন জেলা থেকে ঢাকার আদালতে আসা-যাওয়া, নতুন করে চাকরি না পাওয়া। জীবন সংসারে হেরে অনেকটা অমানবিক জীবন-যাপন করছেন তারা, আর কণ্ঠে হতাশা। তাদের তাদের বুকের ভেতর জমে থাকা কষ্ট আর নীরব চোখের জলে ভাসছে শ্রম আদালতের ন্যায় বিচার।
ভুক্তভোগী ওয়ারেসুল রহমান জানান, তিনি একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। হঠাৎ করে কোনো নোটিশ ছাড়াই তাকে চাকরিচ্যুত করা হয়। কোম্পানির কাছে পাওনা অর্থ আদায়ে মামলা করেন শ্রম আদালতে। চার বছর ধরে চলছে মামলা। মালিকপক্ষ প্রতি শুনানিতে নিচ্ছে সময়। ফলে কবে এ মামলার বিচারকার্য নিষ্পত্তি হবে তাও জানেন না ভুক্তভোগী এই ব্যক্তি। তিনি বলেন, প্রত্যেকটি নথি জমা দেয়া আছে। এখানে এত সময় লাগার কথা নয়। এখানে এক দিন, এক মাস, দুই মাস, ২ থেকে ৪টি সিটিংয়ে এটা হওয়ার কথা।
সংশ্লিষ্ট শ্রম আদালত সূত্রে জানা যায়, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত দেশের ১৩টি শ্রম আদালত ও শ্রম আপিল ট্রাইব্যুনালে ৩১ হাজার ২০টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে ঢাকার ১ম শ্রম আদালতে ৪ হাজার ৮৭৭টি, দ্বিতীয় শ্রম আদালতে ৬ হাজার ৯৯৮টি, তৃতীয় শ্রম আদালতে ৩ হাজার ২৭৩টি মামলা রয়েছে। এছাড়া, ঢাকার বাইরে গাজীপুরের আদালতে ৭ হাজার ২৯৩ টি; নারায়ণগঞ্জে ২ হাজার ৭৪৫টি আর চট্টগ্রাম শ্রম আদালতে রয়েছে ৮৮৫টি মামলা। এছাড়া শ্রম আপিল ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে ২ হাজার ২৩১টি মামলা।
সংশ্লিষ্টরা জানান, কাগজে-কলমে শ্রম আদালতে আইনী প্রতিকারের পথ খোলা থাকলেও, শ্রমিকরা নানা কারণে মামলার প্রতিকার পাচ্ছেন খুবই কম। এই মুহূর্তে শ্রম আদালতে মামলা রয়েছে ৩১ হাজারেরও বেশি, তবে নিষ্পত্তির হার অর্ধেকেরও কম। মালিকপক্ষের রায় বাস্তবায়নে গড়িমসি করা এবং প্রশাসনিক নানা জটিলতার কারণে শ্রমিকরা তাদের কাঙ্ক্ষিত বিচার থেকে বঞ্চিত হচ্ছেন বলে মনে করেন সংশ্লিষ্টরা।
সরেজমিন ঘুরে ভুক্তভোগী বিচারপ্রার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, এরকম হাজারো শ্রমিকের কষ্ট ও অসহায়ত্বের গল্প গেঁথে আছে ঢাকার শ্রম আদালতে। তাদের চোখের জলে ভসাছে শ্রম আদালতের বিচার। ভুক্তভোগীরা জানান, বিশ্বের বিভিন্ন দেশে শ্রমিকদের অধিকার নিশ্চিতে বেসরকারি প্রতিষ্ঠানও যেমন সতর্ক, তেমন কঠোর সরকারের গঠিত শ্রম আদালতের বিচারিক কার্যক্রম। একটি মামলা নিষ্পত্তির ক্ষেত্রে বছরের পর বছর ঝুলে থাকতে হয়না। ২৪ তেকে ৭২ ঘন্টার মধ্যেই মামলার রায় দেন বিজ্ঞ বিচারকেরা। কিন্তু বাংলাদেশেই মামলা পরিচালনাকালে দেখা যায়, সময়ক্ষেপণ ও নানা অসঙ্গতি। বিচারপ্রক্রিয়ায় দীর্ঘসূত্রীতা। এর ফলে ভুক্তভোগীরা আদালতের প্রতি আস্থা হারিয়ে ফেলে। এই দীর্ঘসূত্রীতার কারণে ভুক্তভোগীদের অনেকেই আইনি লড়াইয়ে যেতে চান না। আইনের মারপ্যাঁচে ঝুঁলে থাকার শঙ্কায় মামলা করতেও বিব্রতবোধ করেন।
ঢাকার শ্রম আদালতের আইনজীবীরা জানান, দ্রুত মামলা নিষ্পত্তি হলে শ্রমিকদের হয়রানি বন্ধ হবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক আইনজীবী জানান, বিবাদী পক্ষে থাকলে আইনজীবীরা চাইলে মামলার শুরুতেই দেড় বছর কাটিয়ে দিতে পারেন। এছাড়া আরেক আইনজীবীর মতে, মামলা নিষ্পত্তির ক্ষেত্রে আইনী কোনো বাঁধা নেই। ঢাকায় আরও কোর্ট বাড়ানো দরকার বলেও জানান তারা।
শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করে এমন একটি বিদেশি সংস্থার প্রতিনিধি সুলতান মাহমুদ ১৫ বছর ধরে শ্রম আদালতে আইনি সহায়তা দিচ্ছেন, তার অভিজ্ঞতাতেও হতাশা দেখা গেল। সুলতান মাহমুদ বলেন, মামলা ফাইলিং যেদিন হয়, সেদিন থেকে মামলার তারিখই পড়ে যায় ৩ থেকে ৪ মাস পর। পরে মালিক উপস্থিত হয়, জবাব দিতে আরও কিছু সময় লাগে। এতে দীর্ঘসূত্রিতা তৈরি হয়ে যায়।
এদিকে, শ্রম আদালত আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ মহসীন মজুমদার মামলা নিষ্পত্তি দ্রুত করার জন্য আদালতের সংখ্যা বাড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, কিছু জায়গায় আদালত করা হয়েছে, যেখানে আসলে মামলার সংখ্যা খুব একটা নেই। যেসব জায়গায় মামলার সংখ্যা বেশি, সেসব জায়গায় নতুন আরও কিছু আদালত স্থাপন করা যায় কি না! এটা করলে বিচারপ্রার্থীরা আরও দ্রুত ন্যায় বিচার পাবেন বলে আমি আশা করি।