বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান করা হবে: আইনমন্ত্রী

সবুজ বাংলা রিপোর্ট
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সাতক্ষীরা আদালতে বিচারক, জনবল ও অবকাঠামোগত সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেয়া হবে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরায় বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।

আইনমন্ত্রী বলেন, আমরা বিচার বিভাগের স্থানীয় সমস্যাগুলো শুনেছি, এসব সমস্যা সমাধানের সুপারিশ শুনেছি, এখন সমস্যা সমাধানের পথ নিয়ে সিদ্ধান্ত নেব।

এর আগে মন্ত্রী সাতক্ষীরার বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা ও দায়রা জজ মো. নজরুল ইসলাম।


এ সময় আইনমন্ত্রী সীমান্ত জেলা হিসেবে সাতক্ষীরাকে মাদকমুক্ত করার আহ্বান জানান। তিনি বলেন, দ্রুত বিচারের জন্য ‘সামারি ট্রায়াল’ করতে হবে। মাদক নির্মূলে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। এছাড়াও মন্ত্রী বিচার প্রার্থীদের দ্রুত বিচার প্রাপ্তিতে মামলা নিষ্পত্তির হার বাড়ানোর আহ্বান জানিয়ে বিচারকদের কর্মঘন্টাকে সঠিকভাবে কাজে লাগানোর কথা জানান। তিনি আরও বলেন, লিগ্যাল এইডকে জনবান্ধব করতে হবে। মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করে মামলার জট কমাতে হবে।

এ সময় স্থানীয় বিচারকদের উদ্দেশ্যে আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করা হবে। প্রয়োজনে অতিরিক্ত বরাদ্দ করা হবে। সাতক্ষীরায় নতুন যে ২৩টি কোর্ট সৃজন করা হয়েছে সেখানে দ্রুত বিচারক ও স্টাফ নিয়োগ দেয়া হবে।

পরে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সাতক্ষীরা জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে আরেকটি মতবিনিময় সভায় যোগ দেন। সেখানে জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় সংসদ সদস্য, জেলা বিএনপির সভাপতি সেক্রেটারিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়াও জেলা জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধী সমাজ উপস্থিত থেকে জেলার সার্বিক সমস্যা তুলে ধরেন। বিকেলে সাতক্ষীরা শিল্পকলা একাডেমির আরও একটি দলীয় সভায় যোগদান করেন আইনমন্ত্রী।
 

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL