রাজধানীর অদূরে সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের এফ অ্যান্ড এফ পোশাক কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এরপর আরও একজনরে মৃত্যু হয়। সবমিলিয়ে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। নিহতদের মধ্যে জয়নব বেগম (৫৫) নামে এক নারী রয়েছেন। অন্য পাঁচজন আগুনে পুড়ে অঙ্গার হয়ে যাওয়ায় তাদের পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।
জানা যায়, রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে জামগড়া চৌরাস্তা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাভার্ড ভ্যান থেকে গ্যাস সিলিন্ডার আনলোড করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। বিস্ফোরণের পর মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।
নিহত জয়নব বেগম (৫৫) গাজীপুরের কাশিমপুরের ইসরকান্দি এলাকার মো. আলীর স্ত্রী। ঘটনার সময় তিনি তার মেয়ের দোকানের বাইরে অবস্থান করছিলেন। বিস্ফোরণের তীব্রতায় একটি সিলিন্ডার বা লরির কোনো অংশ ছিটকে এসে তার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জয়নবের মেয়ে জানান, তার স্বামী মারা যাওয়ার পর তিনি সন্তানকে নিয়ে জামগড়া এলাকায় দর্জির কাজ করেন। কয়েক দিন আগে তার মা তার বাসায় বেড়াতে আসেন। ঘটনার সময় তিনি দোকানে দর্জির কাজ করছিলেন এবং তার মা দোকানের বাইরে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ বিকট শব্দে একটি সিলিন্ডার এসে তার মায়ের মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় তার ছেলেও আহত হয়েছে এবং তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় লরির বিভিন্ন যন্ত্রাংশ ও সিলিন্ডারের অংশ ছিটকে আশপাশের রাস্তা ও স্থাপনায় আঘাত করে। এতে আরও কয়েকজন আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ কারখানার ভেতরে পরপর কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। মুহূর্তের মধ্যেই কারখানাজুড়ে তীব্র আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রীতি গ্রুপের এফ অ্যান্ড এফ কারখানার অ্যাডমিন ম্যানেজার হেমায়েত জানান, কারখানার ভেতরে কোনো শ্রমিক আটকে নেই। কারখানার সীমানা ঘেরা প্রাচীরের কোণায় আগুনের সূত্রপাত হয়। তবে বিস্ফোরণের পর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস ঢাকা জোন-৪ এর উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, কাভার্ড ভ্যান থেকে গ্যাস সিলিন্ডার আনলোড করার সময় বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় ছয়জন নিহত এবং আরও নয়জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজনের মরদেহ আগুনে পুড়ে অঙ্গার হয়ে যাওয়ায় তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। তিিন জানান, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
এদিকে আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সোমেন বড়ুয়া জানান, সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে কারখানায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আশুলিয়া থানার অফসিার ইনর্চাজ (ওসি) তরিকুল ইসলাম জানান, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের পর কারখানার ভেতরে তল্লাশি অভিযান চালায়। এ সময় একটি কাবার ভেতর থেকে আরও পাঁচজনের ঝলসানো মরদেহ উদ্ধার করা হয়।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, কারখানার ভেতরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি পরিত্যক্ত জায়গায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বিস্ফোরণের ঘটনায় একজন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির বিষয়ে তদন্ত করে বিস্তারিত তথ্য জানা যাবে।