রাজধানীর উত্তরায় প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার সাগর বাড়ৈকে (৪১) সাত দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। শনিবার (১৫ অগাস্ট) তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন। শনিবার (১৫ আগস্ট) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক আবু বক্কর।
তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে শুনানিকালে আসামিপক্ষের কোনও আইনজীবী ছিলেন না। এ আসামির বিরুদ্ধে একই ধরনের আরও ৯টি মামলা রয়েছে। এর আগে, আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক মো. নজরুল ইসলাম।
আবেদনে বলা হয়, আসামি তার সহযোগী অন্যান্য আসামিদের সঙ্গে পরস্পর যোগসাজশে ঢাকা শহরের বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিলেন। আসামির নাম-ঠিকানা সন্দিহান, যাচাই প্রক্রিয়াধীন আছে। আসামিকে মামলার ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য হওয়ায় বিভিন্ন কৌশল অবলম্বন করে এলোমেলো তথ্য দিয়েছেন। সময় স্বল্পতার কারণে আসামিকে ঘটনার বিষয়ে ব্যাপক ও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। এ অবস্থায় মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে ঘটনায় জড়িত অজ্ঞাত আসামিদের গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ ১০ দিনের রিমান্ড প্রয়োজন।
জানা যায়, গত ৯ আগস্ট ডিএল ফিলিং স্টেশনের সহকারী ম্যানেজার মোহাম্মদ আল আমিন প্রতিষ্ঠানের কর্মচারী সিএনজি অপারেটর সেলিমুজ্জামান এবং কাভার্ড ভ্যানের ড্রাইভার মো. খোরশেদকে নিয়ে উত্তরা ১ নং সেক্টরের পূবালী ব্যাংকে টাকা জমা দিতে যান। সকাল সাড়ে ১০টার দিকে কাভার্ড ভ্যানটি ঢাকা-ময়মনসিংহ রোডের ক্রাউন প্লাজার সামনে পৌঁছালে পেছন থেকে ৩টি মোটরসাইকেলে অজ্ঞাত ৬-৭ জন দুষ্কৃতকারী গাড়ির সামনে এসে গতিরোধ করে। এ সময় দুষ্কৃতকারীরা আল আমিনের বুকে পিস্তল ঠেকিয়ে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়, যার মধ্যে ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিল। এ ছাড়া দুষ্কৃতকারীরা আল আমিনকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। এ ঘটনায় বিমানবন্দর থানায় অজ্ঞাত ৬-৭ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল করিম।