★ জালিয়াতি রোধে কঠোর ইসি
★ সংশোধনের সুযোগে সম্পত্তি বিক্রি ওয়ারিশান দাবির চেষ্টা
★ সংশোধনীতে বারবার একই আবেদনে বিব্রত কর্মকর্তা
★ জমাকৃত আবেদন ৬৫ লাখ ৭০ হাজার ৮৪২টি, বাতিল ১৩ লাখ ৫৫ হাজার
★ নিস্পত্তি ৬৪ লাখ ৪২ হাজার, অপেক্ষায় ১ লাখ ২৮ হাজার, আপিলে ৬ হাজার
“প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও নথিপত্র যাচাই-বাছাই করে সন্তুষ্ট হওয়ার পরই সংশোধনের সিদ্ধান্ত দিচ্ছে কমিশন। আবেদনকারীকে সঠিক তথ্য ও নির্ভরযোগ্য প্রমাণ দিতে হবে। জালিয়াতি রোধে কঠোর ইসি”
— এ এম এম নাসির উদ্দিন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)
জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) কারও নামে ভুল, কারও জন্ম তারিখ ভুল, কারও মা-বাবার নাম ভুল আবার কারও স্থায়ী-অস্থায়ী ঠিকানাও ভুল। এতে করে সম্পত্তির মালিকানা, জমির নামজারি, খাজনা, হোল্ডিং ট্যাক্স প্রদানে অনেককেই নানাভাবে হয়রানি বা ভোগান্তির শিকার হতে হচ্ছে সেবাপ্রত্যাশীদের। সংশ্লিষ্ট সেবামূলক প্রতিষ্ঠানগুলোতে দিনের পর দিন অপেক্ষায় থেকেও কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন অনেকে। আবার কেউ কেউ ঝামেলা এড়াতে অনৈতিক সুবিধা দিয়ে দ্রুত কাজও বাগিয়ে নিচ্ছেন। এমন পরিস্থিতিতে নাগরিক সেবা নিশ্চিতে সরকারের বিভিন্ন দপ্তরে হয়রানি বা ভোগান্তি এড়াতে এনআইডি সংশোধনের সুযোগ তৈরি করে দিয়েছে নির্বাচন কমিশন। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে কেউ কেউ সম্পত্তি বিক্রি, উত্তরাধিকার দাবি ও অন্যান্য ক্ষেত্রে জালিয়াতির চেষ্টা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে মামলা হয়েছে, কোনো কোনো কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে এবং ফৌজদারি মামলা ও গ্রেফতারের ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। সংশোধনী প্রক্রিয়া সহজ করায় একবার সংশোধন হওয়ার পর নতুন কিছু সংশোধনের দাবি তুলে বারবার একই আবেদন করছেন এনআইডি সেবাপ্রত্যাশীরা। এতে চরম বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারাও। ইসি বলছে, এনআইডি সংশোধনে নির্ধারিত সময়সীমার মধ্যে এ পর্যন্ত ৬৫ লাখ ৭০ হাজার ৮৪২টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে যাচাই-বাছাই শেষে আবেদন নিস্পত্তি হয়েছে ৬৪ লাখ ৪২ হাজার, নিস্পত্তির অপেক্ষায় রয়েছে ১ লাখ ২৮ হাজার। আপিল আবেদন রয়েছে প্রায় ৬ হাজার। আর তথ্য প্রদানে অসংগতির কারণে বাতিল করা হয়েছে ১৩ লাখ ৫৫ হাজার আবেদন। সিইসি বলছেন, এনআইডি সংশোধনের ক্ষেত্রে ভোগান্তি এড়াতে আবেদন প্রক্রিয়াসহ অন্যান্য বিষয় সহজ করা হয়েছে। তবে জালিয়াতি রোধে কটোর অবস্থানে রয়েছে ইসি। প্রতিটি আবেদনই যাচাই-বাছাই করে নিষ্পত্তি বা বাতিল করা হচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, ২০০৭ সালে প্রথম এনআইডির তথ্য সংগ্রহ ও কার্যক্রম শুরু হয়। বাংলাদেশে ছবিযুক্ত ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ২০০৮ সালে। পরবর্তীতে ২০১৬ সালের ২ অক্টোবর থেকে বায়োমেট্রিক ও মাইক্রোচিপযুক্ত ‘স্মার্ট এনআইডি কার্ড’ বিতরণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন সেবাটি একটি চলমান নিয়মিত প্রক্রিয়া, তবে নির্বাচন কমিশনের বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম বা বিশেষ আবেদনের ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়। সর্বশেষ প্রকাশিত নির্দেশনা অনুযায়ী, এনআইডি সংশোধনের বাতিল হওয়া আবেদন পুনরায় জমা দেওয়া বা নির্দিষ্ট ক্যাটাগরির (যেমন: ‘ঘ’ ক্যাটাগরি) বিশেষ সংশোধনের সময়সীমা এর আগে গত অক্টোবর ৩১ পর্যন্ত বাড়ানো হয়েছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কারণে ইতিপূর্বে দুই মাস এনআইডি সংশোধন সেবা বন্ধ থাকলেও তা পরবর্তীতে পুনরায় চালু করা হয়। বর্তমানে এনআইডি সংশোধন সেবা নিয়মিত চালু রয়েছে এবং নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সাধারণ সংশোধনের আবেদনগুলো সাধারণত ৪৫ দিনের মধ্যে নিষ্পত্তির নিয়ম রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী এক গৃহবধূ জানান, তিনি ঢাকার কামরাঙ্গীরচরের স্থায়ী বাসিন্দা। ২০০৭-২০০৮ সালে বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ করতে আসা নির্বাচন কমিশনের মাঠকর্মীদের কাছে যথাযথভাবে পরিবারের ভোটার উপযুক্ত সবার সঠিক ও নির্ভূল নাম-পদ-পদবি, ঠিকানাসহ অন্যান্য জরুরি প্রয়োজনীয় তথ্যাদি উপস্থাপন করেন। মাঠকর্মীরা সেই তথ্য নিয়ে লেমিনেশন করা একটি এনআইডি দেন। বিগত আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৭ বছরে নিজের এনআইডি প্রদর্শন করে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেননি। কারিগরি কোনো ত্রুটির কারণে ভোটার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়নি বলে তাকে জানিয়ে দেন ভোটকেন্দ্রের বাইরে থাকা প্রার্থীর পক্ষের কর্মীরা। এরপর তিনি আর কখনওই ভোট প্রদান করেননি। গত সেপ্টেম্বরের ৩ তারিখে জরুরি প্রয়োজনে তিনি কিস্তি তুলতে গিয়ে এনজিও’র মাধ্যমে জানতে পারেন, তিনি ডিএসসিসি’র ৫৬ নম্বর ওয়ার্ডের ভোটার নন। তিনি ভোটার হয়েছেন বরিশালের একটি উপজেলার। এমন খবরে তিনি হতবাক। তিনি জানান, জীবনে কখনো বরিশাল দেখেননি, জন্মও হননি, সেখানে তিনি কীভাবে ভোটার হলেন। এনজিও কর্মকর্তারা জানান, কিস্তি পেতে হলে ভোটার এলাকার নথিপত্র আনতে হবে। এরপর বিষয়টি নিয়ে পরিবারসহ স্থানীয় সরকার দলীয় নেতাকর্মীদেরকে জানান। পরবর্তীতে তাদের পরামর্শে সম্প্রতি ভোটার স্থানান্তরের জন্য (এনআইডি সংশোধন) প্রয়োজনীয় কাগজপত্র ও ছবিসহ সই করে পুরান ঢাকার আর কে মিশন রোডের দিগন্ত টাওয়ারের সপ্তম তলায় লালবাগ জোনে এনআইডি শাখায় জমা দেন। তারা তার কাগজপত্র পর্যালোচনা শেষে জমা রেখে জানিয়ে দেন মোবাইলে এসএমএস যাবে। কিন্তু এখনও কোনো এসএমএস পাইনি। সন্তানদের জন্য স্কুল-কলেজে প্রয়োজনীয় কাগজপত্রও সাবমিট করতে পারছেন না। শুধু ভুক্তভোগী ওই নারীই নয়, ভুল তথ্য এনআইডিতে উঠে আসায় তা সংশোধনের ক্ষেত্রে নানা শ্রেণিপেশার মানুষ এভাবে হয়রানি ও জালিয়াতির মাধ্যমে প্রতারণার শিকার হচ্ছে প্রতিনিয়ত। সম্প্রতি এনআইডি সংশোধন করতে ইসিতে আসেন যশোরের কেশপুরের হরিদাশ কর্মকার (ছদ্মনাম)। তিনি জানান, গত ছয়মাস আগে তার স্ত্রীর নাম সংশোধনের আবেদন করেছেন। সংশোধনের সময় বলা হয়, তার স্ত্রীর নামে দুটি জন্মনিবন্ধন রয়েছে। একটি জন্মনিবন্ধন বাতিল করে আসলে সংশোধন করে দেওয়া হবে। এরপর একটি জন্মনিবন্ধন বাতিল করে ইসিতে আসার পর সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, নাম সংশোধনের জন্য তার স্ত্রীর ভাই-বোনের প্রত্যায়ন পত্র দিতে হবে। বায়োম্যাট্টিক দিতে হবে। এছাড়া আরো বিভিন্ন ডকুমেন্ট চাওয়া হয়। যা তিনি এখনো সংগ্রহ করতে পারেননি।
ইসির কর্মকর্তারা জানান, এনআইডি জালিয়াতির অভিযোগ প্রমাণিত হওয়ায় সম্প্রতি ঝালকাঠী জেলার কাঠালিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আ. ছত্তারকে সাময়িকভাবে বরখাস্ত করেছে ইসি। এছাড়া জালিয়াতির অভিযোগ প্রমাণিত হওয়ায় পঞ্চগড় সদরের অফিস সহকারী কামনা রানী সরকারকেও সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তারা বলেন, অনেক আবেদনে পিতা-ছেলের বয়সের ব্যবধান মাত্র তিন বছর, মা-মেয়ের ব্যবধান দুই-তিন বছর। কারও একাধিক জন্মনিবন্ধন বা শিক্ষাগত সনদ রয়েছে। এসব যাচাই না করে সংশোধন করলে জটিলতা তৈরি হতে পারে, ভুয়া পরিচয়ে এনআইডি সংগ্রহের ঝুঁকিও থাকে।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, অনেক আবেদনকারী এমন জন্মতারিখ চান, যা আগের নিবন্ধনের তথ্যের সঙ্গে সাংঘর্ষিক। উদাহরণ দিয়ে তিনি বলেন, একজনের জন্ম ১৯৯৭ সালে, ২০১৫ সালে ১৮ বছর বয়সে ভোটার হন। পরে জন্মসাল ২০০২ করতে চান। তাহলে নিবন্ধনের সময় তার বয়স হয় ১৩, অথচ ভোটার হওয়ার বয়স ১৮। এমন আবেদন কীভাবে গ্রহণ করা সম্ভব? তিনি বলেন, অনেকে বিদেশে যাওয়ার সমস্যা বা ব্যক্তিগত অসুবিধার কথা বলে মানবিক বিবেচনায় সংশোধন চান। যাচাই ছাড়া অনুমোদন করলে ইসিকেই সমস্যায় পড়তে হয়।
ইসি কর্মকর্তারা জানান, অধিকাংশ সংশোধন উপজেলা পর্যায়েই সম্ভব। তবে নাম, পিতা-মাতার নাম, বয়সসহ একাধিক গুরুত্বপূর্ণ তথ্য একসঙ্গে সংশোধনের জটিল আবেদন উচ্চপর্যায়ে যায়। সেখানে জন্মনিবন্ধন ও শিক্ষাগত সনদসহ প্রাসঙ্গিক নথি যাচাই হয়। পিতার নাম পরিবর্তনে পিতার এনআইডি ও পরিবারের অন্য সদস্যদের তথ্যের সঙ্গে মিলিয়ে দেখা জরুরি। কর্মকর্তারা বলেন, প্রবাসীদের সেবা সহজ ও দ্রুত করার চেষ্টা চলছে। যাদের কাগজপত্র সঠিক, তাদের আবেদন দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে।
সিইসি বলেন, আপনি যদি আপনার নাম ও বাবার নাম পরিবর্তন করতে চান, তাহলে আমরা বলতে পারি আপনার অন্যান্য ভাই-বোনের এনআইডি নিয়ে আসেন। তাদের এনআইডিতে বাবার নাম কী আছে। যথার্থতা প্রমাণের জন্যই এসব তথ্য চাওয়া হয় বলে তিনি জানান। তিনি বলেন, এমনও শোনা যায়, বিদেশি নাগরিক, রোহিঙ্গারা আমাদের নাগরিক হয়ে এনআইডি তৈরি করে ফেলে। এজন্য এগুলো যাচাই-বাছাই, তদন্ত ও পর্যালোচনা করা প্রয়োজন হয়।
ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত জমা পড়া ৬৫ লাখ ৭০ হাজার ৮৪২টি সংশোধন আবেদনের মধ্যে ৬৪ লাখ ৪২ হাজার ৮৩২টি নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ১৩ লাখ ৫৫ হাজার ১৫৭টি বাতিল হয়েছে। নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।
জানা গেছে, এখন পর্যন্ত সাধারণ ক্যাটাগরিতে ৬৫ লাখের বেশি আবেদনের মধ্যে ৬৪ লাখ আবেদন নিষ্পত্তি করেছে ইসি। আপিল আবেদন রয়েছে প্রায় ৬ হাজার, তাও দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, বাতিলের সংখ্যা মানেই এতজন আবেদনকারী নন। একজন চার-পাঁচবারও আবেদন করেছেন। একই আবেদনে একাধিক তথ্য সংশোধনের অনুরোধ থাকলে একটি সংশোধন হলেও অন্যগুলো বাতিল হতে পারে। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আরও বলেন, উপজেলা থেকে মহাপরিচালক পর্যায়ে বাতিলের পরও সচিব পর্যায়ে আপিল করা যায়, সেখানেও বাতিল হতে পারে। তিনি বলেন, কোনো কোনো আবেদন ছয়-সাতবার পর্যন্ত বাতিল হয়েছে। ফলে বাতিলের মোট সংখ্যা দিয়ে ক্ষতিগ্রস্ত আবেদনকারীর সংখ্যা নির্ধারণ করা যায় না।
আখতার আহমেদ বলেন, অনেকে আগে এনআইডি করলেও পরে জন্মনিবন্ধন সনদ দিয়ে পাসপোর্ট করেন, ফলে তথ্যে অমিল তৈরি হয়। জন্মনিবন্ধন তৈরির সময় এনআইডির সঙ্গে মিল রাখলে এ সমস্যা এড়ানো সম্ভব।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আরও বলেন, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে কাজের জন্য বয়সের শর্ত থাকায় অনেকে বয়স ও অন্যান্য তথ্য বদলান। পরে সমস্যায় পড়লে বাবা বা মায়ের নাম পরিবর্তনেরও আবেদন করেন।
সিইসি বলেন, আমরা অনেকগুলো দূতাবাসে প্রবাসীদের ভোটার নিবন্ধন ও এনআইডি সেবা চালু করেছি। তিনি বলেন, অনেকে সঠিক পাসপোর্ট নিয়ে হয়তো বিদেশে যাননি, অনেক সময় দালালের মাধ্যমেও যান। এগুলো যাচাই করতে হয়। সৌদি আরবে অনেক রোহিঙ্গা বাংলাদেশী পাসপোর্ট নিয়ে কাজ করছে বলে রিপোর্ট আসছে।
সিইসি আরও বলেন, যদি সব তথ্য ঠিক থাকে, আমরা অবশ্যই দ্রুত সময়ে প্রবাসীদেরকে বিষয়টি সমাধানের চেষ্টা করব। কারণ প্রবাসীরা দেশের লাইফলাইন বলতে পারেন। তাদের রেমিট্যান্সের ওপরই দেশের অর্থনীতি টিকে আছে। তাদেরকে ভিআইপি মর্যাদায় কাজটা করে দেওয়ার চেষ্টা করব।
বাতিলের কারণ হিসেবে সিইসি বলেন, প্রয়োজনীয় তথ্য নেই, জন্মসনদ নেই। অনেকের একাধিক জন্মসনদ, এসএসসি বা স্নাতকের সনদ থাকায় কোনো একটি ডকুমেন্টের ওপর নির্ভর করা কঠিন হয়ে পড়ে বলে তিনি জানান। বাতিল হলে আবেদনকারী প্রয়োজনীয় কাগজপত্রসহ আবার আবেদন করতে পারেন। যথাযথ তদন্ত ও প্রমাণ ছাড়া এবং নিশ্চিত না হয়ে কোনো আবেদন বাতিল করা হয় না বলে সিইসি উল্লেখ করেন। ইসির লক্ষ্য, নাগরিকেরা যেন নিবন্ধনের সময় সঠিক তথ্য দেন, যাতে পরে সংশোধনের প্রয়োজন না হয়। স্থানান্তরের কারণে ঠিকানা, বিয়ে বা বিবাহবিচ্ছেদে বৈবাহিক অবস্থা, এমনকি ধর্ম পরিবর্তন হলেও নির্ধারিত পদ্ধতিতে সংশোধন করা যায়।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) মো. সাইফুল ইসলাম বলেন, নাম, বাবা-মায়ের পরিচয় বা জন্মতারিখের মতো মৌলিক তথ্য পরিবর্তনে তথ্য-প্রমাণ যাচাই করা প্রয়োজন।
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনে দীর্ঘসূত্রতা কমিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে এনআইডি সংশোধনের আপিলগুলো আগের মতো বড় ফাইলে উপস্থাপন না করে এখন মাত্র একটি পৃষ্ঠায় উপস্থাপন করা হবে। ইসির এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন।
কর্মকর্তারা জানান, এনআইডি অনুবিভাগের মহাপরিচালক যেসব সংশোধন আবেদন বাতিল করেন, সে আবেদনগুলোর সংশোধনের প্রয়োজন হলে তা সিনিয়র সচিব বরাবর আপিল আবেদন করতে হয়। এটি আগে মোটা ফাইলে উপস্থাপন করা হতো। কিন্তু আপিল আবেদন দ্রুত নিষ্পত্তি করতে মোটা ফাইল বাদ দিয়ে এক পৃষ্টার একটি ছক করা হয়েছে, যেখানে আমরা সংশ্লিষ্ট ব্যক্তির সকল আবেদনের তথ্য তুলে ধরি। এরপর সিনিয়র সচিব তা যাচাই-বাছাই করে সিদ্ধান্ত দেন।
এ বিষয়ে জানতে চাইলে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (পরিচালনা) মো.সাইফুল ইসলাম বলেন, আপিল আবেদনে সাধারণত অনেক সময় প্রয়োজন। এজন্য তা দ্রুত নিষ্পত্তিতে বড় নথির পরিবর্তে আমরা একটা ছক তৈরি করেছি, যাতে এসব আপিল আবেদন দ্রুত নিষ্পত্তি করা যায়।
এনআইডি সংশোধনের জন্য স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিউর (এসওপি) অনুযায়ী, ক, ক-১, খ, খ-১, গ ও ঘ;- এই ছয় ক্যাটাগরিতে আবেদন নিষ্পত্তি করে থাকে ইসি। এক্ষেত্রে আবেদনের জটিলতা অনুযায়ী ‘ক’ থেকে ‘ঘ’ পর্যন্ত ক্যাটাগরি নির্ধারিত হয়। আবেদন জমা পড়ার পর অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা ক্যাটাগরি নির্ধারণ করে থাকেন।
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনে জালিয়াতি ও অনিয়মের দায়ে নির্বাচন কমিশন (ইসি) বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা, চাকরিচ্যুতি এবং মামলা করেছে। মোহাম্মদ মজিবুর রহমানকে ভোটার নিবন্ধনে জালিয়াতির দায়ে চাকরি থেকে অপসারণের গুরুদণ্ড দেওয়া হয়েছে। এনআইডি জালিয়াতির অভিযোগ প্রমাণিত হওয়ায় ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা নির্বাচন অফিসার মো. আব. সাত্তারকে সাময়িক বরখাস্ত করেছে নির্বাচন কমিশন। চট্টগ্রাম বন্দর থানার সাবেক নির্বাচন অফিসার মুহাম্মদ আশরাফুল আলমসহ কয়েকজনের বিরুদ্ধে জন্মনিবন্ধন ও এনআইডি জালিয়াতির অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাচন অফিসের 'আইডিইএ ২ প্রকল্প'-এর ডাটা এন্ট্রি অপারেটর মো. জামাল উদ্দিন এনআইডি সার্ভারের ক্রেডেনশিয়াল অপব্যবহার করে ভুয়া এনআইডি তৈরিতে সহায়তা করায় কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রাইন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট তাকে গ্রেপ্তার করে।
এছাড়া সম্প্রতি নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন যে, এনআইডি সংশোধন সংক্রান্ত অবৈধ লেনদেনের অভিযোগে পাঁচজন কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, এই অভিযোগে আমাদের অনেক কর্মকর্তা চাকরিচ্যুত হয়েছেন। অনেকের বিরুদ্ধে আমরা ফৌজদারি মামলা করেছি। তাদের গ্রেফতারের ব্যবস্থাও করেছি। সুতরাং আমরা ছাড় দিচ্ছি না। জালিয়াতি রোধে ইসির অবস্থান কঠোর। প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও নথিপত্র যাচাই-বাছাই করে সন্তুষ্ট হওয়ার পরই সংশোধনের সিদ্ধান্ত দিচ্ছে কমিশন। আবেদনকারীকে সঠিক তথ্য ও নির্ভরযোগ্য প্রমাণ দিতে হবে। অপব্যবহারের প্রসঙ্গে সিইসি বলেন, অনেক ক্ষেত্রে নাম বদল করে সম্পত্তি বিক্রি করে দিয়েছে। অনেকে উত্তরাধিকার বা ওয়ারিশ হিসেবে প্রমাণ করার জন্য এনআইডি সংশোধন করে। অনেকে জালিয়াতি করে পাসপোর্ট পরিবর্তনের চেষ্টা করেছে। এজন্য যাচাই-বাছাই না করে সবকিছু সঙ্গে সঙ্গে করা যায় না, সংশোধন করে দেওয়া যায় না।