★ ঢাবিতে ককটেল বিস্ফোরণে আহত যুবক
★ শাহজাহানপুর বিএনপির পার্টি অফিসের সামনে ৬টি ককটেল উদ্ধার
★ সাভারের স্কুলে বোমাভর্তি ব্যাগ, নিষ্ক্রিয় করল ডিস্পোজাল ইউনিট
★ রাজশাহীর বিমানবন্দরের প্রধান ফটকে গ্রেনেডসদৃশ্য বস্তু
★ মাগুরার সরকারি কলেজে মিষ্টি বাক্সে বোমাসদৃশ্য বস্তু, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা
শ্রমিক অসন্তোষের রেশ না কাটতেই এবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক হাত বোমার বিস্ফোরণ ঘটছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বোমা বিস্ফোরণে আহত হয়েছেন বেশ কয়েকজন যুবক। শাহজাহানপুরে বিএনপি’র পার্টি অফিসের সামনে থেকে উদ্ধার করা হয়েছে ৬টি ককটেল। সাভার ও মাগুরায় সরকারি-বেসরকারি স্কুল কলেজ মাঠেও মিলছে বোমাসদৃশ্য বস্তু। এছাড়া কঠোর নিরাপত্তার মধ্যেও রাজশাহীর হজরত শাহ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের সামনে থেকে গ্রেনেডসদৃশ দুটি বস্তু উদ্ধার করা হয়েছে। একই সময়ে বিমানবন্দরে অবতরণ করা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিরাপত্তার স্বার্থে পেছনের ফটক দিয়ে বাইরে নেয়া হয়। পরে বোম্ব ডিস্পোজাল ইউনিট উদ্ধারকৃত বোমাগুলো নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে তা নিষ্ক্রিয় করেছে। এভাবে বোমার বিস্ফোরণ আর উদ্ধারের ঘটনায় জনমনে বাড়ছে উদ্বেগ-উৎকণ্ঠা। তবে পুলিশ বলছে, জনমনে আতঙ্ক ছড়াতেই কোনো একটি মহল বিচ্ছিন্নভাবে বোমার বিস্ফোরণ ঘটাচ্ছে। কেউ কেউ বোমা বা গ্রেনেড সদৃশ্য বস্তু স্পর্শকাতর স্থানে রেখে পালিয়ে যাচ্ছে। তবে দেশে অরাজকতা সৃষ্টিকারী কাউকে ছাড়া দেওয়া হবে না। দেশের জানমাল রক্ষার্থে নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ (বিজনেস ফ্যাকাল্টি) সংলগ্ন এলাকায় হঠাৎ বিকট শব্দে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ক্যাম্পাসে শিক্ষার্থী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় সোহেল (৩৬) নামের এক প্রাইভেটকার চালকসহ আরও কয়েকজন আহত হয়েছেন। পরে গুরুতর আহত সোহেলকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। এদিকে, টানা কয়েক দিন ধরে ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ধারাবাহিক ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।
আহত সোহেল যে প্রাইভেটকারটি চালাচ্ছিলেন সেটির মালিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ব্যবসায় (ইন্টারন্যাশনাল বিজনেস) বিভাগের শিক্ষক তাসলিমা নাবিলা ইসলাম।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ধর্মঘটকে কেন্দ্র করে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে গাড়িটিকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। বিস্ফোরণে সিলভার রঙের প্রাইভেটকারটির সামনের উইন্ডশিল্ড পুরোপুরি ফেটে যায়। কাচের মাঝখানে বড় গর্তের সৃষ্টি হয়। গাড়িটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো গ-৩৭৯১৪০। এর আগে, রবি ও সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসহ রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। ফলে রাজধানীতে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।
এদিকে, একই সময়ে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। পরবর্তী সময়ে বোম্ব ডিসপোজাল টিম সেগুলো নিস্ক্রিয় করে।
ধানমন্ডি থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, ধানমন্ডি-৩২ নম্বর থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে কলাবাগান মাঠে ডিসপোজাল ইউনিট নিষ্ক্রিয় করে। তিনি বলেন, ককটেল উদ্ধারের সময় একটি সাদা কাগজে প্রজন্ম-৭১ লেখা ছিল।
অন্যদিকে, মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর উত্তর শাহজাহানপুরে বিএনপির পার্টি অফিসের পাশে ঝিলপাড় থেকে ৬টি ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৩)। পরে সেগুলো নিষ্ক্রিয় করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট।
এছাড়া, রাজধানী ঢাকার সাভারে ঐতিহ্যবাহী অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে একটি পরিত্যক্ত ব্যাগ থেকে শক্তিশালী তিনটি বোমা উদ্ধার করা হয়েছে। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ব্যাগের ভেতরে থাকা শক্তিশালী তিনটি বোমা সফলভাবে নিষ্ক্রিয় করেছে। এ ঘটনায় বিদ্যালয় ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মঙ্গলবার (১০ নভেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোশাররফ হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার দিবাগত রাতে সাভার থানা রোডে অবস্থিত বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একটি পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখেন পথচারী ও নিরাপত্তারক্ষীরা। ব্যাগটি সন্দেহজনক মনে হওয়ায় তাৎক্ষণিকভাবে সাভার মডেল থানা পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি ঘিরে ফেলে। পাশাপাশি সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে আশপাশের এলাকা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রাখা হয়। বিদ্যালয়ের প্রধান ফটকে বোমাসদৃশ বস্তু ভর্তি ব্যাগ পড়ে থাকার ঘটনায় রাতভর ও মঙ্গলবার (১০ নভেম্বর) সকালজুড়ে শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ঘটনাস্থলে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোশাররফ হোসেন জানান, মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বিশেষ সতর্কতার সঙ্গে পরীক্ষা-নিরীক্ষা ও অভিযান চালিয়ে ব্যাগের ভেতরে থাকা তিনটি শক্তিশালী বোমা নিষ্ক্রিয় করেন ইউনিটের সদস্যরা। তবে কে বা কারা কী উদ্দেশ্যে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বোমাভর্তি ব্যাগটি রেখে গেছে, তা খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় আশপাশের বিভিন্ন স্থানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে সাভার মডেল থানা পুলিশ।
এদিকে, রাজশাহীর হজরত শাহ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের সামনে থেকে গ্রেনেডসদৃশ দুটি বস্তু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বিমানবন্দর এলাকায় নিরাপত্তা জোরদার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সময়ে বিমানবন্দরে অবতরণ করা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিরাপত্তার স্বার্থে পেছনের ফটক দিয়ে বাইরে নেয়া হয়। মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে বিমানবন্দরের প্রধান ফটকের সামনে থেকে বস্তু দুটি উদ্ধার করা হয়।
শাহ মখদুম বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান, মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টা ৫৫ মিনিটে স্থানীয় এক ব্যক্তি বিমানবন্দরে দায়িত্বরত পুলিশ সদস্যদের গ্রেনেডসদৃশ বস্তু দুটি দেখতে পান বলে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জায়গাটি ঘিরে ফেলে এবং নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়। এর আগে সকাল ১০টা ৫০ মিনিটে একটি ফ্লাইটে বিমানবন্দরে অবতরণ করেন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি জানান, বিমানবন্দরের যাত্রীদের প্রবেশ ও বের হওয়ার জন্য বিকল্প হিসেবে মসজিদ গেট ব্যবহার করা হয়। সে সময় জ্বালানিমন্ত্রী বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থান করছিলেন। গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধারের বিষয়টি জানার পর নিরাপত্তার স্বার্থে তাকে বিমানবন্দরের পেছনের ফটক দিয়ে বের করে নেয়া হয়। পরে তিনি সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা হন।
রাজশাহী মহানগর পুলিশের উপ-কমিশনার ও মুখপাত্র গাজিউর রহমান জানান, উদ্ধার করা বস্তু দুটি নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
অন্যদিকে, মাগুরা সরকারি হোসেন শহিদ সোহরাওয়ার্দী কলেজের ভেতর থেকে লাল টেপে মোড়ানো বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে কলেজের পুরাতন ৫ নম্বর ভবনের সামনে একটি মিষ্টির প্যাকেটের ভেতরে বস্তুটি পাওয়া যায়। এ ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তাব্যবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। কলেজের স্বাভাবিক পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম চলাকালে সন্দেহজনক বস্তুটি নজরে আসে। পরে কলেজ কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানালে মাগুরা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেটি উদ্ধার করে।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলফাজ উদ্দীন বলেন, একটি মিষ্টির প্যাকেটের ভেতরে লাল টেপে মোড়ানো বস্তু দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। এটি বোমা কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি। কলেজে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে এমন বস্তু পাওয়ার বিষয়টি উদ্বেগজনক।
কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ইজাজ আহমেদ বলেন, কলেজে কোনও বড় ধরনের সমস্যা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মাগুরা সদর থানার তদন্ত কর্মকর্তা আবু বক্কর জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি বোমাসদৃশ বলে ধারণা করা হচ্ছে। তবে উদ্ধার করা বস্তুটি প্রকৃতপক্ষে বোমা কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। কে বা কারা এবং কী উদ্দেশ্যে কলেজের ভেতরে এটি রেখে গেছে, তা খতিয়ে দেখা প্রয়োজন।
এদিকে, ছাত্রশিবিরের ‘গুপ্ত রাজনীতির’ সমালোচনা করে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, অতীতে যেভাবে ছাত্রশিবির গুপ্ত রাজনীতি করে ছাত্রলীগের রাজনীতিকে সমর্থন করেছে, এখনো শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা ছাত্রলীগকে সমর্থন দিচ্ছে। এটি অত্যন্ত লজ্জাকর।
ডাকসুর ভিপি ও শিবির নেতা সাদিক কায়েমের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, সাদিক কায়েম ছাত্রলীগ (নিষিদ্ধ সংগঠন) সভাপতি সাদ্দাম হোসেনের ডাকে সাড়া দিয়ে পরিবারকে সময় দিচ্ছেন। তিনি নিজেই সেটি ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন স্থানে গত কয়েকদিন ধরে চলমান ককটেল বিস্ফোরণের ঘটনার সঙ্গে সাদিক কায়েমের সম্পৃক্ততা থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন। মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাছির উদ্দীন নাছির বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে। কারণ, অতীতে তার সঙ্গে ছাত্রলীগের একটি সম্পর্ক ছিল। ২০১৪-১৫ সালের আন্দোলন-পরবর্তী সময়ে বিএনপি ও ছাত্রদলের আন্দোলন পরাস্ত করতে ছাত্রলীগের মিছিলে তাকে দেখা গেছে। ছাত্রলীগের প্রতি তার পুরোনো প্রেম, সেটি ধারণ করা জন্য তিনি হয়তো এখন ক্যাম্পাসে শিক্ষার্থীদের পাশে নেই। তিনি আরও বলেন, সাদিক কায়েমের অতীত কর্মকাণ্ডের কারণে তার বক্তব্য নিয়ে প্রশ্ন রয়েছে। তার বিভ্রান্তিকর বক্তব্যকে পুঁজি করে ছাত্রলীগ ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা ঘটানোর চেষ্টা করছে।
নাছির বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম ধর্মঘট পালনের যে আহ্বান জানিয়েছেন, সেখানে বাংলাদেশে শুধু কয়েকজন লোক সেই আহ্বানে সাড়া দিয়েছেন, তাদের মধ্যে শিবিরের কয়েকজন অন্যতম। সাধারণ শিক্ষার্থীরা এ কার্যক্রমে সাড়া দেয়নি। তিনি বলেন, বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে। তবে দেশের মানুষ ও শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ রয়েছে। ছাত্রদল শিক্ষার্থীদের পাশে রয়েছে।