গোপনে নারীদের ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতাকে গণপিটুনি

সবুজ বাংলা রিপোর্ট
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

বরিশালের উজিরপুরে নারীদের গোপনে আপত্তিকর ভিডিও ধারণ এবং সেগুলো দিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্ত বায়জীদ হোসেন মিঠু উজিরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। গত শনিবার গভীর রাতে উজিরপুর শহরের উপজেলা পরিষদ এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল রোববার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম।

স্থানীয়রা জানান, মিঠু রাতের অন্ধকারে বিভিন্ন বাসাবাড়ির জানালা ও বাথরুমের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে নারীদের অজান্তে ভিডিও ধারণ করতেন বলে অভিযোগ রয়েছে। পরে এসব ভিডিও দেখিয়ে সংশ্লিষ্ট নারীদের ব্ল্যাকমেইল এবং অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

গত শনিবার (৭ নভেম্বর) রাতে উপজেলা পরিষদ এলাকার একটি বাসার ভেন্টিলেটরের ফাঁক দিয়ে ভিডিও ধারণের সময় স্থানীয় বাসিন্দারা তাকে দেখে ফেলে হাতেনাতে আটক করেন। এ সময় ক্ষুব্ধ লোকজন তাকে মারধর করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়।

পুলিশ জানায়, আটকের পর মিঠুর ব্যবহৃত মুঠোফোনে পাঁচটি আপত্তিকর ভিডিও পাওয়া গেছে। ভিডিওগুলোর বিষয়বস্তু এবং ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা ও অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
 

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL