ময়লার ভাগাড়ে আগ্নেয়াস্ত্র-গুলি, শাহজাহানপুরে ২১ অপরাধী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

রাজধানীর শাহজাহানপুর থানার দক্ষিণ খিলগাঁও এলাকার একটি ময়লার ভাগাড় থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল, একটি রিভলবার ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ আগস্ট) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এছাড়া একই থানা এলাকা থেকে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৯ আগস্ট) গণমাধ্যমে পাঠানো ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
 
শাহজাহানপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার (৮ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে দক্ষিণ খিলগাঁও বাগিচা এলাকার ঝিলপাড় পাবলিক টয়লেটের পশ্চিম পাশে থাকা একটি ময়লার ভাগাড়ে অস্ত্র ও গুলি পড়ে থাকার খবর পায় পুলিশ। পরে সেখানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল ও একটি রিভলবার উদ্ধার করা হয়। এ সময় ছয় রাউন্ড গুলিও পাওয়া যায়।

পুলিশ সূত্র জানায়, উদ্ধার করা অস্ত্র ও গুলির বিষয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। তবে এগুলো সেখানে কীভাবে এল বা কারা রেখে গেছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

শাহজাহানপুর থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি এসব অস্ত্র কোনো অপরাধে ব্যবহৃত হয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখা হবে।

এদিকে অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর শাহজাহানপুর থানা এলাকায় শনিবার (৮ আগস্ট) বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলো- ১. মোঃ দুলু মিয়া (৩৪), ২. মোঃ শাহা জামাল (৪০), ৩. মোঃ ইয়াছিন (৩০), ৪. মোঃ জাফর (৩০), ৫. মোঃ রকি (২৬), ৬. মোঃ আইদুল ইসলাম (২৫), ৭. মোঃ সুমন (২৭), ৮. মোঃ নুরু (১৯), ৯. মাহিন চৌধুরী তুষার (১৯), ১০. জাকির হোসেন (২৬), ১১. মোঃ সাব্বির (২২), ১২. মোঃ জহিরুল ইসলাম (৩৮), ১৩. মোঃ আমির হোসেন (৩৯), ১৪. হাসান মারগোব মোর্শেদ (৩৮), ১৫. মোঃ চাঁন বাদশা (২৫), ১৬. মোঃ মুসা (২৫), ১৭. মোঃ শান্ত (২৫), ১৮. মোঃ সাকিব ইসলাম শাহেদ (১৯), ১৯. মোঃ সোহেল মোল্লা (২৮), ২০. মোঃ মঞ্জুর মোরশেদ ও ২১. সৈয়দ আজমাইল হাসিব ওরফে সামির (১৮)।

শাহজাহানপুর থানা পুলিশের বরাত দিয়ে ডিএমপি’র মিডিয়া সেলের কর্মকর্তা নিয়াজ মেহেদী জানান, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
 

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত